চুমকির অনিশ্চিত যাত্রা

চুমকি রানী তরনী, বয়স খুব বেশি হলে ১৭। স্বামীর মারধরের মুখে নয় মাসের শিশুকন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এসে আটকা পড়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙা রেলস্টেশনে। হাতে টাকা নেই, সারা দিন কিছুই খাওয়া হয়নি।
সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলামকে হত্যার প্রতিবাদে আজ সোমবার সকালে লালমনিরহাট থেকে সান্তাহারগামী একটি ট্রেন বামনডাঙা স্টেশনে আটকে রাখে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। এতে আটকা পড়েন অনেক যাত্রী। চুমকিও তাঁদের একজন।
বিকেল চারটার দিকে বামনডাঙা স্টেশনে গিয়ে মানুষের ভিড় দেখে কৌতূহলী হয়ে এগিয়ে যেতেই দেখা যায়, ভিড়ের মধ্যে শিশু কোলে এক নারী চোখ মুছছেন। আর কোলের শিশুটি তারস্বরে কাঁদছে।
চুমকি জানান, সকালে স্বামী নয়ন তরনী আর সতিন মিলে তাঁকে মারধর করেছেন। হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ পড়ে গেছে। এরপরই নয় মাসের মেয়েটাকে নিয়ে বাড়ি ছাড়েন। বাবার বাড়িতেও তাঁকে কেউ তুলবে না, মামার বাড়িতেও আর যেতে চান না। রংপুরে এক মাসি আছে, সেখানে গেলে মাসি একটা কাজে ঢুকিয়ে দিতে পারবেন—সেই আশাকে সম্বল করে মাসির বাড়ি রংপুরে যাওয়ার জন্য হাতে ট্রেন ভাড়ার মতো ৩০ টাকা নিয়ে বের হয়েছিলেন। তবে স্টেশনে এসে দেখেন ট্রেন আর যাবে না। সঙ্গের ৩০ টাকা থেকে দুটি বিস্কুট কিনে খেয়েছেন। এখন আর কোথাও যাওয়ার ভাড়া নেই বলে ট্রেনের অপেক্ষায় স্টেশনেই বসে রয়েছেন। এ যুগেও চুমকির হাতে নেই কোনো মুঠোফোন।
চুমকি জানান, মামাদের বাড়িতে সে বড় হয়েছে। নয় বছর বয়সে সুন্দরগঞ্জের পাটনিপাড়া গ্রামের নয়ন তরনীর সঙ্গে তাঁর বিয়ে দেন মামারা। ছয় মাস আগে স্বামী আরেকটি বিয়ে করার পর থেকে মারধর নিয়মিত বিষয় হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সোমবার সকালে পাঁচ বছরের মেয়েকে বাড়িতে রেখে নয় মাসের মেয়েটিকে কোলে নিয়েই বাড়ি ছাড়েন তিনি। চুমকি বলেন, আসার সময় স্বামী তাঁর দেওয়া কিছুই আনতে দেয়নি। বিয়ের সময় মামারা যে শাড়িটা দিয়েছিলেন, সেটি পরেই বের হয়ে গেছেন তিনি।
দুর্দশার কথা শুনে তাঁকে কিছু টাকা দিলে গ্রামের লোকজন চুমকিকে একটি অটোরিকশায় তুলে দিয়ে আসে। অটোরিকশাচালককে গন্তব্যে নামিয়ে দিতে বলা হয়।