দুজন বাসশ্রমিককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দৌলাতদিয়াড় শাখা সোমবার সকাল নয়টায় জরুরি সভা শেষে এই ধর্মঘটের ডাক দেয়। শ্রমিক ইউনিয়নের দৌলাতদিয়াড় শাখার সভাপতি মো. ঝন্টু মিয়া বলেন, গত রোববার বিকেলে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাওয়ার সময় হাটবোয়ালিয়া মিল বাজারে পাশ কাটাতে গিয়ে গরিবুল্লাহ শাহ পরিবহনের একটি বাসের চালক নাজমুল ইসলাম ও সুপারভাইজার ইকতার হোসেনের সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির বাকিবতণ্ডা হয়। এরপর ওই ব্যক্তিরা তাঁদের মারধর করে তিন হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেন। ঘটনার পরপরই হামলাকারীদের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। এ খবর পেয়ে হামলাকারীরা ওই দিন মধ্যরাতে হাটবোয়ালিয়া বাসস্ট্যান্ডে থাকা নিরিবিলি পরিবহনের একটি বাসে ভাঙচুর চালান। জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে।