চুয়াডাঙ্গা-ঢাকা বাস চলাচল অর্ধেকে নেমে এসেছে
গোয়ালন্দ-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় চুয়াডাঙ্গা-ঢাকা সড়কপথে বাস চলাচলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এ জেলার বাসগুলো যমুনা সেতু হয়ে চলাচল করায় যাত্রীদের বাড়তি সময় ও দুর্ভোগ দুটোই বেড়েছে। অন্যদিকে খরচ বেড়ে যাওয়ায় মালিকেরা বাস চলাচল অর্ধেকেরও নিচে নামিয়ে এনেছেন।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহর ছাড়াও আলমডাঙ্গা, দর্শনা, জীবননগর, কার্পাসডাঙ্গা ও হাটবোয়ালিয়া থেকে প্রতিদিন ১৫টি কোম্পানির বাসের দেড় শতাধিক ট্রিপ যাতায়াত করে। ২৫ আগস্ট থেকে গোয়ালন্দ ঘাটে ফেরি চলাচলের সমস্যার কারণে তা ৫০-এ নামিয়ে আনা হয়েছে।
চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের কাউন্টার মাস্টার আনোয়ার হোসেন জানান, আগে প্রতিদিন ভোর চারটা থেকে রাত ১০টা পর্যন্ত ওই কোম্পানির বাস ১১ বার যাতায়াত করত। গোয়ালন্দ ঘাটে ফেরি চলাচল বন্ধের পর থেকে যমুনা সেতু হয়ে বাসগুলো চালানো হয়। কিন্তু যমুনা হয়ে বাস চালাতে গিয়ে প্রতিবারে অতিরিক্ত তিন হাজার টাকা করে খরচ হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম জানান, এভাবে দীর্ঘদিন লোকসান দিয়ে বাস চালানো সম্ভব নয়।