চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে গতকাল শনিবার। এ উপলক্ষে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসে বিদ্যালয় চত্বরে।
সকাল নয়টায় বিদ্যালয় চত্বরে ১০০ বেলুন উড়িয়ে শতবর্ষ উৎসবের উদ্বোধন করেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার। পরে একটি বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় সাবেক উপপরিচালক মৌসুফা বেগম এসএসসি পাসের ৫২ বছর পর মঞ্চে স্মৃতিচারণা করলেন।
জয়দেবপুর কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষক দিল আফরোজ জাহান ১৯৭৭ সালে এসএসসি পাসের ৩৭ বছর পর বিদ্যালয় চত্বরে এসে খুঁজে পেলেন ঘনিষ্ঠ বান্ধবী রিতা বেগমকে। ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ইসমত আরা শাহীন টানা ৩২ বছর পর বিদ্যালয় চত্বরে পা ফেলে আবেগাপ্লুত হয়ে পড়লেন।
বিদ্যালয় চত্বরের আনন্দমঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোর, কনকচাঁপা ও শফিক তুহিন সংগীত পরিবেশন করে।