চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নিয়ে এক গৃহবধূর লাশের ময়নাতদন্তের ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও এবং ভাঙচুর চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার তিতুদহ গ্রামের শতাধিক বাসিন্দা এ হামলা চালান।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা দেড়টার দিকে শতাধিক মানুষ সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমান ও চিকিৎসক মাসুদ রানার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা ওই কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ভাঙচুর চালান। সিভিল সার্জন বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
একজন বিক্ষোভকারী জানান, তিতুদহ গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুনের লাশ গত রোববার তাঁর স্বামীর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। সদর হাসপাতালের মর্গে লাশটির ময়নাতদন্ত করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাসুদ রানা, জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান ও চিকিৎসা কর্মকর্তা আলী হোসেন লাশটির ময়নাতদন্ত করেন।
তাসলিমা খাতুনের মা রহিমা খাতুনের অভিযোগ করেন, যৌতুকের টাকা না পেয়ে জামাতা সাইফুল তাঁর মেয়েকে খুন করেছেন। এরপর তাঁরা ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য সিভিল সার্জন ও আরএমওকে ঘুষ দেন। ঘুষ নিয়ে তাঁরা ময়নাতদন্তের প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করেছেন।
ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে আরএমও মাসুদ রানা বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনে পুলিশ নির্যাতনের কোনো কথা উল্লেখ করেনি, তেমনি ময়নাতদন্তের সময়ও কোনো আলামত পাওয়া যায়নি। ভুল-বোঝাবুঝির কারণে সিভিল সার্জন কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কথা বলার জন্য সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকার ফোন করা হলেও তিন ফোন ধরেননি।