চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইমরান হোসেন
(১৯) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এদিকে
ফুলবাড়ী সীমান্ত থেকে গতকাল তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
ইমরান ছিলেন গরুর ব্যবসায়ী। তাঁর বাড়ি জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে। চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইমরানসহ হরিহরনগর গ্রামের চার ব্যবসায়ী গত শনিবার দিবাগত
মধ্যরাতে মেদেনীপুর সীমান্তের ৬৩ নম্বর পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। গতকাল সকালে ভারতীয়
সীমান্তের ১০০ গজ ভেতরে বিএসএফের পুটখালী ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মুখে ও বুকে
গুলি লেগে ইমরান ঘটনাস্থলেই মারা যান। অন্য তিন সহযোগী ইমরানের লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
এদিকে, ইমরানের লাশ বাড়িতে পৌঁছানোর পর সঙ্গী তিনজন আত্মগোপন করেছেন। চুয়াডাঙ্গার ৬-বিজিবির
উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ
জানানো হয়েছে।
গতকাল ঢাকায় বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। জবাবে বিএসএফ গভীর দুঃখ প্রকাশসহ ভবিষ্যতে
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ জুন যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন।
তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে গতকাল বিকেলে এক নারীসহ তিন
বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাঁরা হলেন উপজেলার নওদাবশ গ্রামের এরশাদ আলীর ছেলে লিটু মিয়া (১৯)
এবং চন্দ্রখানা গ্রামের ওবায়দুল হকের ছেলে আরিফ (১২) ও পারভীন বেগম (৩০)।
পারভীন ও আরিফ একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এঁরা সবাই দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে কাজ করছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, পারভীন বেগম, লিটু মিয়া ও আরিফ গতকাল বিকেলে ফুলবাড়ী সীমান্তের ৯৪৪/৯৪৫ নং
আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ১২৪ বিএসএফ ব্যাটালিয়নের
অধীন সেউটি-১ ক্যাম্পের টহলরত জওয়ানরা তাঁদের আটক করে নিয়ে যায়।
তিন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ৪৫ বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার
রায় মোহন জানান, আটক তিন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।