চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে গতকাল বুধবার সকাল থেকে জেলার সব কটি পথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। উচ্চ আদালতের আদেশ অনুযায়ী সড়ক-মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি ও থ্রি-হুইলার চলাচল স্থায়ীভাবে বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তাসহ বেশ কয়েকটি দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়।
গতকাল সকাল নয়টায় চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে যৌথসভা শেষে ঐক্য পরিষদের নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান। এরপর শহরে মাইকযোগে তা প্রচার করা হয়। ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোরসহ সব কটি পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে৷
এর আগে গত মঙ্গলবার দুপুরে দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে সড়ক পরিবহন শ্রমিকদের সঙ্গে ইজিবাইক-অটোরিকশার শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ এবং বেশ কয়েকটি বাস ও ইজিবাইক ভাঙচুর হয়৷ ওই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন শ্রমিক আহত হন৷ অবৈধ যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক ও নিরাপত্তাসহ বিভিন্ন দািবতে শ্রমিকেরা ধর্মঘটে যায়৷ প্রশাসনের পক্ষ থেকে দোষী ব্যক্তিদের শাস্তির আশ্বাস দিলে সন্ধ্যা থেকে আবারও বাস চলাচল শুরু হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে যথারীতি বাস চলাচল শুরু হলে ইজিবাইক-অটোরিকশার শ্রমিকেরা সংগঠিত হয়ে পৌর এলাকার ফকির পাড়া ও শহরতিল দৌলাতদিয়াড়ে অন্তত ১২টি বাস ভাঙচুর করেন৷ এতে বিক্ষুব্ধ শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেন এবং শহীদ হাসান চত্বরে এসে রাস্তা আড়াআড়ি করে সাধারণের চলাচলে বাধা সৃষ্টি করেন৷ অবস্থা বেগতিক বুঝতে পেরে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের বিশেষ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং চত্বরটি পরিষ্কার করে দেয়৷ এরপর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা সদর থানায় সহকারী পুলিশ সুপারের কক্ষে বৈঠকে বসলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়৷ বাস ভাঙচুর ও পরিবহনশ্রমিকদের মারধরের ঘটনায় পরিবহন মালিক সমিতির নেতা মো. মঈনুদ্দীন ও বদর উদ্দিন খান বাদী হয়ে সদর থানায় দুটি মামলা করেছেন৷
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক এম জেনারেল ইসলাম বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এসব অবৈধ যানের পাশাপাশি ইজিবাইক ও থ্রি হুইলার অবাধে চলাচল করায় অভ্যন্তরীণ পথে চলাচলকারী বাসের মালিক-শ্রমিকেরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিক-শ্রমিকদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। নিরুপায় হয়েই তাই ধর্মঘটে যেতে হচ্ছে।’
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সালাউদ্দিন জানান, দািব পূরণ না হওয়া পর্যন্ত দূরপাল্লা ও অভ্যন্তরীণ—সব কটি পথেই পরিবহন ধর্মঘট চলবে৷