চুয়াডাঙ্গায় কৃষক নিহত পটুয়াখালীতে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। একই দিন পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদার পীরপুরকুল্লা গ্রামের সার্থক মণ্ডলের (৭০) সঙ্গে একই গ্রামের শহিদুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। সকাল সাড়ে সাতটার দিকে ওই গ্রামের তেঁতুল হোসেনের চায়ের দোকানে বসে ছিলেন সার্থক। এ সময় শহিদুল সেখানে গিয়ে তাঁকে গালাগাল করেন। এতে তাঁদের মধ্যে বচসা হয়। একপর্যায়ে সার্থকের কান ও চোয়ালে চড় মারেন শহিদুল। এতে ঘটনাস্থলেই সার্থক মারা যান। পুলিশ খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জমি নিয়ে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামের দেলোয়ার ও হাফেজ মৃধার সঙ্গে একই এলাকার মোতাহার সিকদারের মামলা চলছিল।
আদালতের রায় পাওয়ার পর মোতাহার ওই জমিতে চলতি বছর চাষাবাদ করেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দেলোয়ার ও হাফেজ মৃধা লোকজন নিয়ে ওই জমির ধান কাটা শুরু করেন। এতে মোতাহারের লোকজন বাধা দেওয়ায় সংঘর্ষ শুরু যায়।
সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাঁদের মধ্যে মোতাহারের সমর্থক জুয়েল, সুফিয়া বেগম ও লিটনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষই মামলা দায়ের করেনি।
ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা: আমাদের শরীয়তপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার আংগারিয়া বাজারের মুদি ব্যবসায়ী গোপাল সাহা (৪০) গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে মধ্যপাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে পাঁচজন সন্ত্রাসী তাঁর গতি রোধ করে এবং তাঁকে লক্ষ্য করে তিন-চারটি গুলি ছোড়ে। একটি গুলি তাঁর ডান পায়ে লাগে।
স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাতেই গোপালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল সকালে তাঁকে ঢাকায় পাঠানো হয়। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।