চুয়াডাঙ্গায় গণপিটুনিতে নিহত ২
চুয়াডাঙ্গা সদর উপজেলার জোড়াঘাটা গ্রামে গতকাল বুধবার দিবাগত রাতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ব্যক্তিদের একজন জেলার দামুড়হুদা উপজেলা শহরের খাঁপাড়ার আজিমউদ্দিনের ছেলে হানু খাঁ (৩৫)। অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার জোড়াঘাটা গ্রামের মিরাজউদ্দিনের বাড়িতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে তিন থেকে চারজনের একটি দল হানা দেয়। বাড়িতে গরুচোর এসেছে মনে করে গৃহকর্তা চিত্কার শুরু করলে গ্রামবাসী জড়ো হয়ে ওই দলটির দুজনকে ধরে ফেলে। তবে বাকিরা পালিয়ে যায়। গ্রামবাসী ওই দুজনকে ব্যাপক মারধর করে। খবর পেয়ে আজ ভোর ছয়টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা ওই দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মশিউর রহমান অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটায় হানু খাঁ মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় জোড়াঘাটা গ্রামের মিরাজউদ্দিনের ভাই হিরাজউদ্দিন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন।