রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবির ঝটিকা মিছিল ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে। এতে চুয়াডাঙ্গার দর্শনায় শিবিরের কর্মী রফিকুল ইসলাম (২২) নিহত এবং বিভিন্ন স্থানে শিবিরের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
প্রতিবাদে শিবির তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার দেশব্যাপী দোয়া মাহফিল, শনিবার বিক্ষোভ এবং রোববার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল।
সংগঠনের সভাপতি দেলাওয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল দেশব্যাপী বিক্ষোভ করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে দর্শনা পৌর জামায়াতের সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে জামায়াত-শিবিরের পাঁচ শতাধিক নেতা-কর্মী মিছিল বের করেন। মিছিলটি দর্শনা বাজার থেকে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে মারমুখী নেতা-কর্মীরা কেরুজ পূজামণ্ডপ এলাকা পার হয়ে দর্শনা হল্ট স্টেশনে যান। এ সময় শিবিরের কিছু কর্মী পূজামণ্ডপে হামলা চালাতে গেলে পুলিশ বাধা দেয়। শুরু হয় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শিবিরের কর্মীরা পাল্টা ককটেল নিক্ষেপ করেন। পরে পুলিশ শিবিরের কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রফিকুল ইসলাম মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ জানান, বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ রফিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রুহুল আমিন দাবি করেন, শিবিরের নেতা-কর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ বিনা উসকানিতে গুলি ছোড়ে। এতে রফিকুল গুলিবিদ্ধ হয়ে মারা যান।
জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী বলেন, পুলিশ আত্মরক্ষার্থে ১৫টি গুলি চালালে শিবিরের এক কর্মী আহত হন। তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনি বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসার ছাত্র।
কুমিল্লায় গতকাল বেলা ১১টার দিকে ছাতিপট্টি এলাকাসংলগ্ন গর্জনখোলা সড়কের মুখ থেকে পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন শিবিরের কর্মীরা। এর একটি ককটেল পুলিশ কনস্টেবল বিপ্লব শীলের ঘাড়ে এসে পড়ে। সেটি বিস্ফোরিত হওয়ার আগেই পুলিশের সদস্যরা সরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিবিরের সভাপতি হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
রাজশাহী নগরের রানীবাজার এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল করার প্রস্তুতি নিয়ে রাস্তার ওপর ইট ভাঙতে শুরু করেন শিবিরের কর্মীরা। পুলিশ ধাওয়া দিলে শিবিরের কর্মীরা কয়েকটি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
নোয়াখালী জেলা জামে মসজিদের মোড় থেকে সকালে মিছিল বের করে শিবির। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারে গিয়ে শেষ হয়। পুলিশ শিবিরের এক কর্মীকে আটক করেছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সকালে পেট্রল ঢেলে আগুন জ্বেলে বিক্ষোভ করেন শিবিরের কর্মীরা। এতে ওই সড়কে প্রায় ১০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় বিকেলে মিছিল করে শিবির। এ সময় তারা দুটি গাড়ি (চাঁদের গাড়ি) ভাঙচুর করে।
রাজধানীতে মারমুখী শিবির: সকালে রাজধানীর মতিঝিল ও মহাখালীতে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের গুলিতে ইলিয়াস আলী (২১) নামে শিবিরের এক কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শিবিরের কর্মী ইলিয়াস আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ছাত্রশিবিরের ২০-২৫ জন নেতা-কর্মী মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজারের পাশে বাংলাদেশ ব্যাংক কলোনির উত্তর ফটকে মিছিল বের করে। তাঁরা হাতবোমা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং পুলিশকে লক্ষ্য করে হাতবোমা, ইটপাটকেল ছুড়ে মারেন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের কর্মী ইলিয়াস (২১), আবদুল্লাহ মুহাম্মদ সিফাত (২৭), সোয়েব আহম্মেদ (১৮), বোরহান উদ্দিন (২০) ও মুশফিকুর রহমানকে (২২) গ্রেপ্তার করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম গ্রেপ্তার প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। পরে তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
সকাল সাড়ে নয়টার দিকে মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছের একটি গলি থেকে শিবিরের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। প্রধান সড়কে এসে তাঁরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ঘটনাস্থল থেকে আনিসুর ও শাহপরান নামে শিবিরের দুই কর্মী-সমর্থককে আটক করে পুলিশ।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর জানান, ছাত্রশিবিরের আটক দুজন কর্মীর মুঠোফোনে থাকা খুদে বার্তায় নাশকতার নির্দেশনামূলক বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর ঢাকা, কুমিল্লা ও রাজশাহীর নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী ও কুষ্টিয়া অফিস, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ ও চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি