চুয়াডাঙ্গায় টিসিবির কোনো ডিলারই পণ্য তোলেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১১ জন ডিলারের কেউই পণ্য তোলেননি। ফলে চলতি রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে টিসিবির উদ্যোগ কোনো কাজেই আসছে না।
ডিলারদের অভিযোগ, টিসিবির পণ্যের মান তুলনামূলক খারাপ এবং এর দাম বাজারমূল্যের প্রায় সমান। মুনাফা কম হওয়ায় তাঁদের কেউই টিসিবির পণ্য তুলতে আগ্রহী নন।
টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে জানা গেছে, রোজা উপলক্ষে ভোগ্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে এবং সর্বসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। রোজার আগে এবং রোজা চলাকালীন দুই দফায় পণ্য তুলে বিক্রির জন্য ডিলারদের বলা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলায় দুজন করে চারজন, দামুড়হুদায় চারজন এবং আলমডাঙ্গায় টিসিবির তিনজন ডিলার রয়েছেন। তাঁদের কেউই পণ্য তোলেননি। তাঁদের মধ্যে একমাত্র ডিলার সদর উপজেলার সরোজগঞ্জের মেসার্স আজিজুল হক অ্যাগ্রো বিজনেসের মালিক আজিজুল হক রোজার আগে এক দফা পণ্য তুলেছিলেন। তিনি বলেন, টিসিবির চিনি, মসুর ডাল ও ছোলার মান অত্যন্ত খারাপ হওয়ায় বিক্রি করতে বেশ বেগ পেতে হয়েছে। প্রথম দফায় লোকসান হওয়ায় পরবর্তী সময়ে তিনি আর পণ্য তোলেননি।
স্বপ্ন কনস্ট্রাকশনের মালিক আবদুর রশিদ বলেন, এ বছর টিসিবি যে দামে পণ্য বিক্রি করছে, বাজারেও সেসব পণ্যের দাম প্রায় একই। কোনো কোনো ক্ষেত্রে বাজারে দাম আরও কম। তা ছাড়া চুয়াডাঙ্গার ডিলারদের ১৮০ কিলোমিটার দূরে খুলনার গুদাম থেকে পণ্য আনতে হয়। ফলে পরিবহন খরচ হয় অনেক। এ কারণে ডিলাররা পণ্য তুলতে আগ্রহী নন।
টিসিবির ডিলাররা পণ্য উত্তোলন না করায় ১৪ জুলাই জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ ব্যাপারে গতকাল বিকেলে জেলা প্রশাসক বলেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন টিসিবির চেয়ে কম মূল্যে ভালো পণ্য বাজারে পাওয়া যাচ্ছে। এ কারণে ডিলারদের চাপও দেওয়া যাচ্ছে না।