চুয়াডাঙ্গায় ট্রেনের আসন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাগামী চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস এবং আন্তনগর সব ট্রেনে আসনসংখ্যা দ্বিগুণ করাসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় রেলপথ অবরোধ, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সমিঞ্চলিত নাগরিক সমাজ গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা রেলস্টেশনে এসব কর্মসূচি পালন করে।

চুয়াডাঙ্গা সম্মিলিত নাগরিক সমাজের নেতারা জানান, চুয়াডাঙ্গা স্টেশন থেকে এ জেলা ছাড়াও মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরার মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। এ স্টেশনের যাত্রীরা দীর্ঘদিন ধরে ট্রেনের আসন বাড়ানোর দাবি জানিয়ে এলেও তা করা হয়নি। উপরন্তু ১০ জুলাই থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের আসনসংখ্যা ৪৫ থেকে কমিয়ে ২৫ করা হয়েছে। এ কারণে সমিঞ্চলিত নাগরিক সমাজ রেল কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে। এগুলো হচ্ছে ঢাকাগামী ট্রেনের আসনসংখ্যা বাড়িয়ে ৭০, দূরপাল্লার সব ট্রেনের আসনসংখ্যা দ্বিগুণ, স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি তিন থেকে বাড়িয়ে পাঁচ মিনিট, বন্ধ হয়ে যাওয়া জেলার ভেতরের মুন্সীগঞ্জ, মোমিনপুর, জয়রামপুর, গাইদঘাট ও আন্দুলবাড়িয়া স্টেশন চালু এবং চুয়াডাঙ্গা স্টেশনে সার্বক্ষণিক টেলিফোন ব্যবহারের সুবিধা নিশ্চিত করা।

এসব দাবিতে কর্মসূচি চলার একপর্যায়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফেরদৌস আলম আন্দোলনকারীদের ফোন করে দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ঈদ পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

জিএম ফেরদৌস আলম জানান, গত কয়েক মাসে বেশ কয়েকটি ট্রেনের বগি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তারপরও ট্রেনের আসনসংখ্যা বৃদ্ধিসহ অন্য দাবির বিষয়গুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।