একুশে পদকপ্রাপ্ত বাউল খোদাবকস শাহের ২৫ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিনের স্মরণোৎসব। এ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে মরমি কবি খোদাবকস শাহের আখড়াবাড়ি বাউল-সাধুদের মিলন মেলায় পরিণত হয়েছে।
বেলা ১১টায় জাহাপুর গ্রামে আখড়াবাড়িতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর খোদাবকস শাহের ছেলে ও স্মরণোৎসব উদ্যাপন কমিটির সভাপতি বাউল আবদুল লতিফ শাহ, জয়পুরহাটের বাউল হাশেম চিশতী, ফরিদপুরের ফকির ডাবলু শাহ, মিলন শাহ, বজলু শাহ, নবীন শাহ ও আবু তালেব শাহ বাউল সংগীত পরিবেশন করেন। পরে বিভিন্ন এলাকা থেকে আসা বাউলেরা পৃথক আসর বসিয়ে ফকির লালন ও খোদাবকস শাহের লেখা গান পরিবেশন করেন।
খোদাবকস ১৯৯০ সালের ১৪ জানুয়ারি মারা যান। ১৯৯১ সালের ২১ ফেব্রুয়ারি সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে।