চুয়াডাঙ্গায় বজ্রপাতে তিনজন নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় আজ শনিবার সকালে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। আজ সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কয়েক দফা বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার তেঁতুলিয়া গ্রামের হাসেম আলীর ছেলে সাদেক আলী (২২), একই উপজেলার কুশোডাঙ্গার আলী কদরের ছেলে সাইদুর রহমান (২৩) এবং দামুড়হুদার নাস্তিপুরের শওকত আলীর ছেলে মান্দার আলী (৩৫)। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, ১২ জনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আরেকজনকে দর্শনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকেই বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এ সময় বজ্রপাতে ওই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক মান্দার আলীর দুটি হালের বলদও মারা গেছে।