চুয়াডাঙ্গায় বোমা হামলায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মালিতাপাড়ায় এক সন্ত্রাসীর ছোড়া বোমায় অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গ্রামে তাস খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন মালিতাপাড়ার জোয়াদ আলীর ছেলে ইজাল উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী আম্বিয়া খাতুন (৪০), আরেক ছেলে নিজাম উদ্দিন (৫২), মোয়াজ্জেম হোসেনের ছেলে আবদুল লতিফ (৪২), মঙ্গল মণ্ডলের ছেলে রানা হোসেন (১৮), আফছার আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও বিল্লাল হোসেন (৪০), আলী হোসেনের স্ত্রী হোসনে আরা (৩৫) ও ছেলে হাসান (১০) ও আকমল মালিতার ছেলে খোকন (২৮)। তাঁদের মধ্যে পাঁচজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ইজাল উদ্দিনের ছেলে বিদ্যুৎ হোসেন অভিযোগ করেন, ‘সন্ধ্যা সাতটার দিকে গ্রামের লালনের দোকানে বসে ছিলাম। এ সময় গ্রামের রমজান আলীর ছেলে সন্ত্রাসী তোরাব আলী আমাকে হত্যার উদ্দেশ্যে বোমা হাতে ধাওয়া করে। প্রাণভয়ে আমি পালাই। এ সময় আমার বাবাসহ প্রতিবেশীরা ছুটে এলে তাঁদের ওপর বোমা ছুড়ে মারা হয়। বোমায় ১০ জন আহত হয়।’ বিদ্যুৎ আরও জানান, তাঁর বন্ধু খোকনের সঙ্গে তোরাবের বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে।
আলমডাঙ্গা থানার এসআই আনিসুর রহমান বলেন, সোমবার রাতে গ্রামে তাস খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ বাধে। এর জের ধরেই এই বোমা হামলা হয়েছে।