চুয়াডাঙ্গায় ব্যবসায়ী, গোপালগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক ব্যবসায়ী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের মাংস ব্যবসায়ী নাজিম উদ্দিন (৪৫)। কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নের পীরারবাড়ী গ্রামের লিমা বৈরাগী (১৪)।
দামুড়হুদা থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে উপজেলার মাজারপোতা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে নাজিমের লাশ উদ্ধার করা হয়। তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।
নিহত নাজিমের বোন মুসলিমা খাতুন বলেন, তাঁর ভাই একই গ্রামের আরেক মাংস ব্যবসায়ী সিরাজুলের সঙ্গে শনিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরে যান। তারপর আর বাড়িতে ফেরেননি।
মুসলিমা বলেন, তাঁর ভাই বাড়ি থেকে যাওয়ার সময় ৫০ হাজার টাকা নিয়ে গিয়েছিলেন। তাঁর দাবি, ওই টাকার জন্য কেউ নাজিমকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে।
দামুড়হুদা থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাজিমের ভাই নাজমুল হক অপমৃত্যু মামলা করেছেন। কোটালীপাড়ার ভাঙ্গারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন আইচ বলেন, লিমা গত রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। গতকাল দুপুরে গ্রামের একটি মাছের ঘেরে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।