চুয়াডাঙ্গায় শিলাবৃষ্টিতে দেড় হাজার হেক্টর জমির ফসল নষ্ট
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গত সোমবার রাতের শিলাবৃষ্টিতে ১ হাজার ৪৭৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০৯ হেক্টরের ফসল আংশিক এবং ২৬৫ হেক্টরের ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালকের কার্যালয়ে পাঠানো ক্ষয়ক্ষতির বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে চলতি মৌসুমে ২০১৫ দশমিক ৮ মেট্রিক টন ফসল উৎপাদন কম হবে।
সোমবার রাত আটটা থেকে ভোররাত চারটা পর্যন্ত চুয়াডাঙ্গায় টানা বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার এ সময়ে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা ওই দিন সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, সোমবার রাতে চুয়াডাঙ্গায় ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান স্বাক্ষরিত ক্ষয়ক্ষতির পরিসংখ্যান অনুযায়ী দামুড়হুদা উপজেলায় তুলনামূলকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফসল মসুর। এই উপজেলায় এবার ২৪৫ হেক্টর জমিতে মসুর আবাদ হয়েছিল। ক্ষতিগ্রস্ত অন্যান্য ফসল হচ্ছে ভুট্টা ২৮৩ হেক্টর, গম ১২১ হেক্টর, পেঁয়াজ ৪৫ হেক্টর, রসুন ৬ হেক্টর, আলু ২১ হেক্টর, তামাক ৫৩ হেক্টর, সবজি ৩৩ হেক্টর, বোরো ৭১২ হেক্টর ও পান ৪ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে দাবি করেন, এক দিনের বৃষ্টিতে সাময়িক ক্ষতি হয়েছে। তবে পানি সরে যাওয়ার পর জমিতে যে পলি জমবে, তা আশীর্বাদ হিসেবে পরিণত হবে।