চুয়াডাঙ্গায় টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে এখানকার মানুষের জবুথবু অবস্থা। শীতজনিত রোগবালাইও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও তিন দিনই এখানকার তাপমাত্রা দেশের সর্বনিম্ন ছিল।
শীতের তীব্রতা বাড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। হতদরিদ্র ও ছিন্নমূল মানুষকে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই তারা বাইরে বেরিয়ে পড়ছে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার সরদারপাড়ার রিকশাচালক হেলাল হোসেন বলেন, ‘কদিন ধইরে কালা ঠান্ডা পড়ায় খুবই জাড় নাগজে। ঠান্ডার জন্যি রিসকা চালানুই যাচ্চে না। পেটের দায়তি বাড়ি থেইকে বের হলিউ প্যাছেঞ্জার পাওয়া যাচ্চে না। ভাড়া হবে ক্যারাম করে।’ বড় বাজারের নৈশপ্রহরী বড় বুড়ো বলেন, ‘সারা রাত ধইরে কুড়াইনো কাগচ আর ছিট ছিঁড়া (কাপড়ের টুকরা) জ্বালিয়ে সুমায় পার কত্তি হচ্চে। শীতি ডিউটি করায় অ্যাকন বড় বিপদ।’ দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের দিনমজুর জহির উদ্দিন বলেন, ‘অ্যারাম ঠান্ডা পড়চে যে, ঘর থেইকেই বের হওয়া যাচ্চে না। কুনু উপায় না থাকায় ঠান্ডার মদ্যিই কাজ করতি হচ্চে।’
সদর হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান জানান, গতকাল ওই ওয়ার্ডে ১৩ শয্যার বিপরীতে ৫০টি শিশু ভর্তি করা হয়েছে। এসব শিশুর বেশির ভাগই শীতজনিত ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বাতাসের গতি বেড়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী দিনে তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।