চুয়াডাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে দুর্বৃত্তরা রাসেল হোসেন (২৪) নামের এক সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে। তিনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিকআকাশ খবর-এর উথলী ইউনিয়ন প্রতিনিধি।


গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকের পরিবারের অভিযোগ, জামায়াত-শিবিরের ক্যাডাররা এ হামলা চালিয়েছে।

সেনেরহুদা গ্রামের আবু জাফরের ছেলে রাসেল উথলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গতকাল রাতে গুরুতর অবস্থায় রাসেলকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

রাসেলের বড় ভাই ও ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেন (২৬) জানান, গতকাল রাত ১০টার দিকে তিনি একটি মোটরসাইকেলে করে রাসেল হোসেনকে নিয়ে উথলী বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। বাজারের শেষ প্রান্তে সেনেরহুদা গ্রামে প্রবেশের মুখে একটি বাঁশের প্রতিবন্ধকতা (ব্যারিকেড) দেখে মোটরসাইকেল থামানো হয়। এ সময় সাত-আটজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে এলোপাতাড়ি কোপায়। তিনি (জাহাঙ্গীর) পালিয়ে নিজেকে রক্ষা করেন এবং আশপাশের লোকজনকে খবর দেন। খবর পেয়ে লোকজন আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জাহাঙ্গীর আরও জানান, দুর্বৃত্তদের হামলায় রাসেলের মাথা, ঘাড় ও দুই হাতে আটটি জখম হয়েছে। তিনি বলেন আজ দুপুরে রাসেলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আকাশ খবর পত্রিকার সম্পাদক তছিরুল আলম দাবি করেন, সংবাদপত্রে অপরাধবিষয়ক খবর লেখার কারণে সাংবাদিক রাসেল হোসেনের ওপর হামলা চালানো হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ জানান, পূর্ব শত্রুতার জের ধরেই হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় কোনো মামলা দায়ের না হলেও পুলিশ তদন্তে নেমেছে।