চুয়াডাঙ্গায় সেতু দেবে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গতকাল রোববার মাথাভাঙ্গা সেতুর একাংশ ভেঙে ও দেবে গেছে। ওই সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সওজ চুয়াডাঙ্গা কার্যালয় সূত্রে জানা গেছে, সেতুটির ভাঙা স্থান অস্থায়ীভাবে সংস্কার করে রাতেই মাঝারি ও ছোট যান চলাচলের উপযোগী করা হবে। তবে ভারী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে মালবাহী একটি ট্রাক চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে যাওয়ার সময় সেতুর একটি অংশ ভেঙে ও দেবে যায়। সওজ চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক সেতুর ওপর দিয়ে চলাচলের কারণে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া ১৯৬০ সালে তৈরি সেতুটি পরবর্তী ৫০ বছরের নিশ্চয়তা দিয়ে তৈরি করা হয়েছিল। মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেতুটির ব্যবহার-উপযোগিতা হারিয়েছে।
জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ‘বিষয়টি জানার পরপরই সওজ বিভাগের প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হয়। আমি নিজেও সেখানে গিয়েছি। ভাঙা স্থান দ্রুত সংস্কারসহ যানবাহন চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’