চুয়াডাঙ্গায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
চুয়াডাঙ্গার সদর উপজেলার উজলপুর এলাকায় আজ সোমবার ভোরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বিল্লাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৪৫) আহত হয়েছেন।
নিহত বিল্লাল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
চুয়াডাঙ্গার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. ইব্রাহিম দাবি করেন, বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী উজলপুর মাঠে ভোররাত সাড়ে চারটার দিকে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে আধা ঘণ্টা ধরে চলা এ ‘বন্দুকযুদ্ধে’ বিল্লাল নিহত হন। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এসআই মিজানুর রহমান আহত হন। তাঁকে চিকিত্সা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি বোমা ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি গাজী মো. ইব্রাহিম। তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধের’ সময় পুলিশের পক্ষ থেকে সাতটি গুলি ছোড়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত বিল্লাল বালু ও ট্রাক্টরের ব্যবসা করতেন। এ ছাড়া তিনি পারিবারিক সূত্রে সম্পদশালী। কথিত ‘বন্দুকযুদ্ধে’ তাঁর মৃত্যুতে স্থানীয় লোকজন বিস্ময় প্রকাশ করেছে।
নিহত বিল্লালের ছোট ভাই ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম জানান, তাঁর ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বিএনপির সমর্থক ছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষ পুলিশকে ব্যবহার করে ‘বন্দুকযুদ্ধের’ নাটক তৈরি করেছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ চাঁদপুর গ্রামের গোরস্থানপাড়ায় বিল্লালের শ্বশুরবাড়ি থেকে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। এটি ওই এলাকার অনেকেই দেখেছে। অথচ এখন বলা হচ্ছে, তিনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
জেলা পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী জানান, নিহত বিল্লাল হোসেনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় ডাকাতি, বোমা হামলা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে। তিনি জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।