চুয়াডাঙ্গার দুটি সরকারি বিদ্যালয়ে খারাপ ফল
এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চুয়াডাঙ্গার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল খারাপ হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের অভিভাবকেরা বিদ্যালয় দুটির অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।
গতকাল শনিবার প্রকাশিত ফলাফলের বিবরণ অনুযায়ী, চুয়াডাঙ্গার ভি জে সরকারি উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় মোট ২৪৮ জন অংশ নিয়ে পাস করে ২২৫ জন। এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন এবং অকৃতকার্য হয়েছে ২৩ জন। গত বছর বিদ্যালয়টি থেকে ২৫১ জন অংশ নিয়ে ২৪০ জন পাস করেছিল এবং জিপিএ-৫ পেয়েছিল ৬২ জন।
এই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক শামসুল হক অভিযোগ করেন, কয়েক বছর ধরে দুটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিদ্যালয়ে পাঠদানের তুলনায় প্রাইভেট পড়ানোর ঝোঁক বেড়েছে।
সদ্য যোগ দেওয়া ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ই আলম মোর্শেদা বলেন, সুপারিশ করে কম মেধাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তি করানো, বিভিন্ন শ্রেণিতে অকৃতকার্যদের সুপারিশ করে ওপরের শ্রেণিতে ওঠানো এবং দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এসব কারণে এ রকম ফল হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এ বছর ২২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ এবং অকৃতকার্য হয়েছে ১০ জন। গত বছর এই বিদ্যালয় থেকে ১৯৩ জন অংশ নিয়ে পাস করেছিল ১৮৬ জন এবং জিপিএ-৫ পেয়েছিল ৩৯ জন।
সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত সৃজনশীল গণিত পরীক্ষা ফল খারাপ হওয়ার প্রধান কারণ। তা ছাড়া শিক্ষকস্বল্পতার সমস্যা তো আছেই।
প্রাইভেট পড়ানোর বিষয়ে জিজ্ঞেস করা হলে মাহফুজুল হক বিষয়টি এড়িয়ে যান।