চুয়াডাঙ্গার সোনালী ব্যাংকে ভাতার টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গার সরোজগঞ্জ শাখায় বয়স্ক ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার ৬৩ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে সমাজসেবা অধিদপ্তর। এ কারণে ওই শাখা থেকে ঈদের আগে সব ধরনের ভাতা বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

টাকা বিতরণ বন্ধ হওয়ায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা তালিকাভুক্ত ৯২২টি পরিবার ঈদের আগে প্রাপ্য টাকা পাচ্ছে না। এতে তাদের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল সামী জানান, অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংকের সরোজগঞ্জ শাখা থেকে কুতুবপুর ইউনিয়নে সব ধরনের ভাতা বিতরণ বন্ধ থাকবে।

সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুতুবপুর ইউনিয়নে সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় ৯২২ জনকে ভাতা দেওয়া হয়ে থাকে। এর মধ্যে ৬২৫ জন বয়স্ক, ২২৩ জন বিধবা ও ৭৪ জন প্রতিবন্ধী রয়েছেন। ২০১১-১২ অর্থবছরে ইউনিয়নের ২১ জন বয়স্ক ও একজন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে তাঁদের জন্য বরাদ্দ ভাতা দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।

আবদুল্লাহ আল সামী জানান, ২২ জন ব্যক্তিকে ২০১১-১২ অর্থবছরের ভাতা না দিয়ে ২০১২-১৩ অর্থবছরের ছয় মাসের টাকা বিতরণ করা হয়। তাঁরা আগের ভাতা দাবি করলে বরাদ্দ করা টাকা ফেরত গেছে বলে ব্যাংক থেকে জানানো হয়। পরে সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন সমাজকর্মীর মাধ্যমে ব্যাংকে খোঁজ করা হলে ভাতা বিতরণে দায়িত্বে নিয়োজিত কর্মচারী আসকার আলী জানান, ব্যাংকের হিসাবে কোনো অবিতরণ করা অর্থ নেই। সব অর্থ ভাতাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। কিন্তু তালিকাভুক্ত ওই ২২ জনের ভাতা বই পর্যালোচনা করে দেখা যায় যে ২০১১-১২ অর্থবছরের ভাতা বিতরণের তথ্য তাঁদের বইতে লিপিবদ্ধ করা হয়নি। তা ছাড়া ব্যাংকের ভাতা বিতরণ রেজিস্ট্রার পর্যালোচনা করে দেখা যায়, সেখানেও প্রয়োজনীয় তথ্য নেই। সরোজগঞ্জ শাখার ব্যবস্থাপকও হিসাবের গরমিল ও অনিয়মের বিষয়ে সদুত্তর দিতে পারেননি।

সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের রফিকুল ইসলাম, আলিয়ারপুরের লাল বিবি, মহাম্মদজমা গ্রামের সামছুদ্দিন মণ্ডলসহ ভুক্তভোগীরা ঈদের আগেই তাঁদের বকেয়াসহ হালনাগাদ পাওনা দাবি করেছেন। একই সঙ্গে ভাতার টাকা আত্মসাতের সঙ্গে জড়িত ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চেয়েছেন। জানতে চাইলে সোনালী ব্যাংকের সরোজগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু জাফর দাবি করেন, কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। ভুল বোঝাবুঝির কারণে কিছুটা জটিলতা দেখা দিয়েছে।