চুরি আর অবহেলায় অচল হওয়ার উপক্রম রাজশাহী বেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময়ে রাজশাহী বেতারের যন্ত্রাংশ চুরি হয়েছে। তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আবার কখনো চুরির বিষয়টি কর্তৃপক্ষ আমলেই নেয়নি। এদিকে কয়েক বছর ধরে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে আছে। এ কারণে প্রতিনিয়ত বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।বেতারের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে রাজশাহী বেতারে ২২টি কম্পিউটার রয়েছে। বেশির ভাগই ভালোভাবে কাজ করে না। আবার সাতজন সহকারী পরিচালকের কাজ করার জন্য কোনো কম্পিউটার নেই। রেকর্ডিং বুথে গিয়ে কাজ করতে চাইলে প্রকৌশল বিভাগের কর্মচারীরা কম্পিউটার নষ্ট—এই অজুহাতে তাঁদের সহযোগিতা করেন না বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। এ অবস্থায় রাজশাহী বেতার অচল হওয়ার উপক্রম হয়েছে। বেতারের খুচরা যন্ত্রাংশ ও পাম্পের একটি মোটর হারানোর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৯ মে বেতারের ওয়েল সার্কিট ব্রেকার (ওসিবি) যন্ত্রের তামার পাত এবং ২২ মে একটি কক্ষের ১ দশমিক ৫ হর্স পাওয়ারের সচল বিকল্প মোটর হারানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি জানার ৮-১০ দিন পর ২ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটি ২৭ জুলাই একটি প্রতিবেদন দাখিল করে। তদন্ত কমিটির সভাপতি ছিলেন তৎকালীন উপ-আঞ্চলিক পরিচালক হাসান আক্তার। সদস্য ছিলেন সহকারী বার্তা নিয়ন্ত্রক আবু সালেহ মোহাম্মদ ইমরান ও উপ-আঞ্চলিক প্রকৌশলী নজরুল ইসলাম সরকার।প্রতিবেদনে তাঁরা উল্লেখ করেন, বেতারের প্রকৌশল শাখায় যাঁরা বিভিন্ন পালায় দায়িত্ব পালন করেন, তাঁরাই এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। এর আগে চুরির যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় চুরির ঘটনা বাড়ছে।এক মণ ওজনের মোটর চুরির সঙ্গে রেডিও টেকনিশিয়ান হাসান আব্বাস ওরফে জাকীর জড়িত থাকার বিষয়টি কমিটির কাছে প্রতীয়মান হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও রেডিও টেকনিশিয়ান এ এম মিল্টন প্রথমবার দেরিতে এবং পরের বার তদন্ত কমিটির সামনে হাজিরই হননি। এতে কমিটিকে অবমাননা করা হয়েছে।জানা গেছে, এই প্রতিবেদন পাওয়ার পর কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এই কমিটি তদন্ত করতে গিয়ে জানতে পারে, ২০০৮ সালে নিলামকৃত মালামালের সঙ্গে ১৫ টন ওজনের একটি কম্প্রেশার হারিয়ে গেছে। এ ব্যাপারে তদন্ত প্রতিবেদনে বিস্ময় প্রকাশ করা হয়েছে। জানতে চাইলে আঞ্চলিক প্রকৌশলী মেরাজ উদ্দিন আহমেদ কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের একটি নষ্ট থাকার কথা স্বীকার করলেও চুরির বিষয়ে তিনি কিছু জানে না বলে জানিয়েছেন। তবে আঞ্চলিক পরিচালক ফরিদ উদ্দিন দাবি করেন, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট হয়নি। যন্ত্রটি ভালো রাখার জন্য বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বন্ধ রাখা হয়। চুরির ঘটনাগুলো তিনি শুনেছেন। কম্পিউটার প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি।