বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের যন্ত্রপাতি চুরি ও প্রেরণ কেন্দ্রের ১৮ একর জায়গা অবৈধভাবে ইজারা দেওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঢাকা থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি এখানে এসে দুই দিন ধরে তদন্ত করছে।
বেতার সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক ঢাকা কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কবির হোসেন পাটোয়ারী। কমিটির সদস্যরা গত সোমবার থেকে কাজ শুরু করেছেন। গতকাল মঙ্গলবার তাঁরা নগরের কাজল এলাকায় বেতার প্রেরণ কেন্দ্র পরিদর্শন করেন। এ ব্যাপারে তদন্ত কমিটির কোনো সদস্য কথা বলতে রাজি হননি।
বেতার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৯ মে বেতারের ওয়েল সার্কিট ব্রেকিং যন্ত্রের তামার পাত এবং ২২ মে একটি কক্ষের ১ দশমিক ৫ হর্স পাওয়ারের সচল বিকল্প মোটর হারানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বেতারের প্রেরণ কেন্দ্রকে কি প্রটেকশন ইনস্টলেশন (কেপিআই) বা সর্বাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা এলাকা হিসেবে বিবেচনা করা হয়। মহাপরিচালকের নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই এলাকা ইজারা দেওয়া যায় না। তার পরও প্রেরণ কেন্দ্রটি নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই ২০১০ সালের ৩ আগস্ট রাজশাহীর আঞ্চলিক প্রকৌশলী বন বিভাগকে ইজারা দেন। এ বিষয়ে ২৩ আগস্ট প্রথম আলোতে ‘১৮ একর জমি অবৈধভাবে ইজারা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।