চুরি ও মাদককে ‘না’
কিশোরগঞ্জের তাড়াইলের ধলা ইউনিয়নের দুই চোর ও দুই মাদক ব্যবসায়ী চুরি এবং মাদক বিক্রি না করার শপথ করেছেন। তাঁরা গত শনিবার ওই ইউনিয়নের সেকান্দরনগর জামতলা বাজারে কমিউনিটি পুলিশ কমিটি আয়োজিত এক সভায় পুলিশের কাছে আত্মসমর্পণ করার সময় এই শপথ করেন।তাড়াইল থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করা এই দুই চোর হচ্ছেন সেকান্দরনগর গ্রামের রায়হান (৪০) ও সোবান (৪৮)। দুই মাদক বিক্রেতা হচ্ছেন আব্দুল আজিজ (৪৮) ও তাঁর ছোট ভাই আব্দুল মফিজ (৪৫)।ধলা ইউনিয়নের কমিউনিটি পুলিশ কমিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সাজেদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ আর এম আলীফ। উপস্থিত জনতার সামনে চোর সোবান ও রায়হান জানান, তাঁরা আর চুরি করবেন না। বিগত দিনে চুরি করার জন্য তাঁরা সবার কাছে ক্ষমা চান। মাদক বিক্রেতা আব্দুল আজিজ বলেন, ‘আর কখনো গাঁজা বিক্রি করব না। আপনারা আমার ভাই ও আমাকে ক্ষমা করে দিন।’এ সময় কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ আর এম আলীফ বলেন, আজ আত্মসমর্পণ করায় পুলিশ আপনাদের সাধারণ ক্ষমা করে দিয়েছে।