চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি গতকাল শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে জবানবন্দি দেন গ্রেপ্তার মোশাররফ হোসেন। পুলিশ সূত্র জানায়, টাকা চুরি করার সময় দেখে ফেলায় হোসনে আরা বেগম নামের ওই গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়।
গত বুধবার রাতে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মজিদিয়া মুহুরিপাড়া গ্রাম থেকে সৌদিপ্রবাসী জহির উদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন পুলিশ হোসনে আরার ভাশুরের ছেলে মোশাররফ ও চাচাতো দেবর আমজাদ হোসেন ওরফে মিয়াকে আটক করে।
পুলিশ জানায়, নিহত হোসনে আরার ছোট ভাই সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মিরসরাই থানায় মামলা করেন। গতকাল মোশাররফ ও আমজাদকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে মোশাররফ বলেছেন, তিনি (মোশাররফ) জানতে পারেন কয়েকদিন আগে একটি বিমা কোম্পানি থেকে হোসনে আরা বেশ কিছু টাকা পেয়েছেন। মোশাররফ চাচা আমজাদকে নিয়ে টাকাগুলো চুরি করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, তাঁরা দুজন ঘটনার রাতে হোসনে আরার কক্ষে ঢোকেন। কিন্তু আলমিরা খুলে তাঁরা টাকা পাননি। পরে আলমিরাতে থাকা স্বর্ণালংকার নেওয়ার সময় হোসনে আরা টের পেয়ে যান। এ সময় তাঁদের চিনে ফেলায় মোশাররফ ছুরি দিয়ে হোসনে আরার গলা কাটেন এবং আমজাদ পা চেপে ধরেন। হোসনে আরার মৃত্যুর পর তাঁরা ঘর থেকে বের হয়ে যান।