চুরি করে মাছ ধরায় বাধা, হামলায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৈয়াবিল মহাশ্মশানের পুকুরে চুরি করে মাছ ধরে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে হামলায় অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মহাশ্মশানের পুকুরে উপজেলার শিবপুর গ্রামের এলাকার কামাল, খোরশেদ, ফারুক, আরিফ, শিমুল, আয়নাল হকসহ ১৪-১৫ জনের একটি দল জাল দিয়ে মাছ ধরছিল। এতে বাধা দিলে একই গ্রামের হালিম, আহসানউল্লাহ, মোসলেম, মোশারফ, কাদির, জায়েদা, রেজিয়াসহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মোসলেমের অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কৈয়াবিল মহাশ্মশানের সভাপতি নারায়ণ চন্দ্র দাস বলেন, ওই ব্যক্তিরা প্রায়ই শ্মশানের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যান।
আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে।