চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
নোয়াখালী জেলা শহরের মাস্টারপাড়া এলাকায় চুরি-ছিনতাই, ইভ টিজিং ও মাদকসেবীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে মৌন মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মাস্টারপাড়া ও আশপাশের এলাকার পাঁচ শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করে। পরে বাসিন্দাদের একটি প্রতিনিধিদল তাদের দাবি-দাওয়া ও গণস্বাক্ষরসংবলিত সঞ্চারকলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পেশ করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকার মাস্টারপাড়া ও আশপাশের পাড়ার বাসিন্দারা চুরি-ছিনতাই, ইভ টিজিং ও মাদক সেবনকারীদের প্রতিরোধে প্রশাসনকে এগিয়ে আসার দাবিসংবলিত বিভিন্ন পোস্টার ও ব্যানার নিয়ে মৌন মিছিল সহকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।বেলা সাড়ে ১১টা নাগাদ পাঁচ শতাধিক লোক জড়ো হয় কর্মসূচির স্থলে। এরপর তারা সেখানে মানববন্ধন করে। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন চলাকালে পৌর মেয়র হারুনুর রশিদ আজাদও আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। এ সময় বাসিন্দাদের মধ্যে বক্তব্য দেন, গোলাম আকবর, আবুল কালাম আজাদ, আবদুল মতিন, মো. ইমাম হোসেন, নূরুল হাই, শাহাদাৎ হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ।সংহতি প্রকাশ করতে এসে পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ বলেন, মাস্টারপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা ও সেবনকারীদের দৌরাত্ম্য বন্ধের জন্য তিনি নিজেও পুলিশ প্রশাসনকে অনেকবার অনুরোধ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।জানতে চাইলে সঞ্চারকলিপি পাওয়ার কথা স্বীকার করেন পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী। তিনি বলেন, এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।