চুরি ঠেকাতে না পেরে দোকানে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওষুধ চুরির বিষয়ে গঠিত তদন্ত কমিটি গত দেড় মাসেও কোনো প্রতিবেদন জমা দিতে পারেনি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ চুরি ঠেকাতে না পেরে দোকান ও ক্লিনিক মালিকদের সরকারি ওষুধ না কেনার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। হাসপাতালের পরিচালক বলছেন, একটি কারিগরি সমস্যার কারণে কমিটি এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।চলতি মাসের প্রথম সপ্তাহে রামেক হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ আসছে যে হাসপাতালের সরকারি সম্পত্তি, ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী অবৈধভাবে বাইরে পাচার হচ্ছে। রাজশাহী শহরের বিভিন্ন ওষুধের দোকান ও ক্লিনিকে তা বিক্রি ও ব্যবহূত হচ্ছে। এসব ওষুধ ও মালামাল না কেনার জন্য দোকান, ক্লিনিক ও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী হাসপাতাল ঘুরে পরিচালকের কাছে হাসপাতালের ওষুধ চুরির বিষয়টি তুলে ধরেন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।এরপর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী ওই দিনই হাসপাতালের রক্ত সঞ্চালন বিভাগের প্রধান গোলাম কিবরিয়াকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেন। এই কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে না পারায় প্রতিবেদন দেওয়ার মেয়াদ ২ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। তবে এখনো এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।গোলাম কিবরিয়া বলেন, কলেজের অধ্যক্ষ হওয়ার পর তদন্ত কমিটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।হাসপাতালের পরিচালক আশরাফুল আলম সিদ্দিকী বলেন, গোলাম কিবরিয়া অধ্যক্ষ হওয়ার পর তাঁকে অব্যাহতি দিয়ে ওই কমিটিরই সদস্য আবদুল মমিনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। সে সময় অনেক দিন আগেই পার হয়ে গেছে। তিনি বলেন, একটি কারিগরি সমস্যার কারণে কমিটি এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। তাদের দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।