চুরি ঠেকাতে নাকাল আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা সরকারি রাবার বাগানে চোরের উপদ্রব বেড়েই চলেছে। সংঘবদ্ধ চোরেরা প্রতিনিয়ত রাবার তৈরির কাঁচামাল চুরি করছে। তাদের প্রতিরোধ করতে গিয়ে বাগানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা একাধিকবার হামলার শিকার হয়েছেন। কর্তৃপক্ষ আশা করছে, চুরি ঠেকাতে পারলেই এ বাগান থেকে এই অর্থবছরে কোটি টাকার মুনাফার আসবে। বাগানের ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম গত ১০ জানুয়ারি প্রথম আলোকে বলেন, ‘প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। চোরেরা রাবারের কষ, ট্রিলেছ কাপলাম্প (রাবারের কষ জমা হওয়ার পাত্র) মাদলাম্প (রাবার গাছের গোড়ায় জমাটবাঁধা কষ) নিয়ে যাচ্ছে। আমরা ধরে থানায় দিচ্ছি। চোরেরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে আবার চুরি করছে। ৫০-৬০ জনের সংঘবদ্ধ চোরের দল বাগানে ঢোকে। বাধা দিলে আমাদের লোকজনকে মারধর করে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে উপজেলার ভাটেরা ও বরমচাল ইউনিয়ন এলাকায় বাগানটি গড়ে তোলা হয়। বাগানটির মোট আয়তন দুই হাজার ৮৬৭ একর। এর মধ্যে রাবার গাছ লাগানো হয়েছে দুই হাজার ৪৬৭ একর জায়গায়। বাগানটি প্রতিষ্ঠার পর থেকেই লোকসান দিয়ে আসছিল কর্তৃপক্ষ। তবে বর্তমানে বাগানটি লাভের মুখ দেখছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত অর্থবছরে রাবার বিক্রি করে বাগান কর্তৃপক্ষ ৬৩ লাখ টাকা মুনাফা করেছে। বাগানে বর্তমানে প্রায় দেড় লাখ গাছ রয়েছে। এর মধ্যে ১৯৬৫ সালে রোপণ করা গাছ আছে ৫২ হাজার এবং বাকিগুলো ১৯৭৫ থেকে ১৯৭৯ সালে লাগানো। এ বছর বাগানটি প্রায় শতভাগ উৎপাদনে আছে। বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, বাগানের আশপাশের গ্রামের অনেকে রাবারের কাঁচামাল চুরিকে পেশা হিসেবে নিয়েছে। এরা সংঘবদ্ধ হয়ে কষ চুরি করে। পরে চোরাইপথে ঢাকা অথবা তাদের নির্দিষ্ট প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছে কম দামে তা বিক্রি করে। রাবারের কাঁচামালের মূল্য বেড়ে যাওয়ায় চুরির ঘটনাও বেড়ে চলেছে। একাধিক সূত্রে জানা গেছে, চোরের দল তরল অথবা জমাটবাঁধা রাবারের এক কেজি কষ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছে। অথচ এই কষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাগান কর্তৃপক্ষ ২৭০ টাকা কেজি দরে বিক্রি করে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের শ্রীমঙ্গল কার্যালয়ের মহাব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, ‘গ্রামের ভেতরে ভাটেরা রাবার বাগান। চোরেরা চুরি করে। আমরা তাদের ধরি। আমাদের ওপর তারা চড়াও হয়। আমরা মামলা করি। তারাও বসে নেই। বাগানে নিয়মিত টহল দেওয়া হয়। কিন্তু কিছুতেই চোরদের প্রতিহত করা সম্ভব হচ্ছে না।’ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গাছ থেকে আহরণ করতে না পেরে একদল চোর গত ৬ জানুয়ারি বাগানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চার আনসার সদস্যের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। এ সময় তিনটি গুলি ছিনিয়ে নেয় তারা। এর আগে ২০০৮ সালের ১১ অক্টোবর ও ২০১০ সালের ৩০ মে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা হয়েছে। অন্তত চার-পাঁচবার এ রকম হামলার ঘটনা ঘটেছে। জনবল সংকটও রাবার বাগানটি পরিচালনার ক্ষেত্রে একটি বড় সমস্যা। মাঠপর্যায়ে ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক আছেন। আর কোনো কর্মকর্তা নেই। আর যাঁরা আছেন, তাঁরা উৎপাদন-সংশ্লিষ্ট শ্রমিক। তাঁরা নিরীহ প্রকৃতির। কেউ তাঁদের সামনে গাছের ডাল কেটে নিলেও অনেক সময় বাধা দিতে সাহস পান না।ভাটেরা রাবার বাগান থেকে কুলাউড়া থানার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। কর্তৃপক্ষ দাবি করেছে, বাগানের আশপাশের এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা গেলে চোরের উপদ্রব কমে যেত। এ ছাড়া বাগানের নিজস্ব একটি নিরাপত্তা দল গঠন করা সম্ভব হলে চুরি ঠেকানো যেত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় অবহিত করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সহায়তায় রাবার বাগানে চুরি ঠেকানোর চেষ্টা চলছে। আসামিদের ধরার চেষ্টা চলছে।