চুরি ঠেকাতে পানের বরজে পাহারা
সকাল ছয়টা। চারদিকে ঘন কুয়াশা। পল্লানপাড়া গ্রামে পানের বরজের সামনে তীব্র ঠান্ডার মধ্যে বসেছিলেন তিনজন চাষি। তঁাদের মাথার ওপর বাঁশের খুঁটি দিয়ে আটকানো পলিথিনের ছাউনি। ছাউনির নিচে কাঁথা-কম্বল আর বালিশ। পান চুরি ঠেকাতে এক মাস ধরে এখানেই রাত যাপন করছেন বলে জানালেন তাঁরা।
গত সোমবার কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের পল্লানপাড়া গ্রামে গিয়ে পানচাষিদের এভাবে পানের বরজ পাহারা দিতে দেখা গেছে। উপজেলার তিন ইউনিয়নে গত এক মাসে ১৩০টি পানের বরজে পান চুরির ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ না জানালেও অতিষ্ঠ চাষিরা নিজেরাই বসিয়েছেন পাহারা।
পল্লানপাড়ায় পানের বরজের সামনের ছাউনিতে রাত যাপন করা চাষি মো. উসমানের (৪০) সঙ্গে কথা হয়। তিনি জানান, তিিন এক কানি জমিতে পানের বরজ করেছেন। ফলন ভালো হওয়ার পাশাপাশি হাটে পান বিক্রিও হয়েছে ভালো দামে। তবে গত মাসে তাঁর বরজ থেকে অন্তত ১০ হাজার টাকার পান চুরি হয়েছে। এরপর বরজের সামনে পাহারা বসিয়েছেন। রাত কাটাচ্ছেন পান বরজেই।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৩ হাজার ৩২৫ জন কৃষক ৫৫০ হেক্টর জমিতে পান চাষ করেছেন। পানের বরজের সংখ্যা ৩ হাজার ৬৪৩টি।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, হঠাৎ করে হাটবাজারের পানের দাম বেড়ে যাওয়ায় চুরির ঘটনাও বেড়েছে। স্থানীয় চাষিদের কাছ থেকে এ রকম অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পল্লানপাড়া, লম্বরি, তুলাতুলী ও মহেশখালিয়াপাড়ায় চাষিরা রাত জেগে পানের বরজ পাহারা দিচ্ছেন। টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম জানান, তাঁর ইউনিয়নে গত এক মাসে ৬০টির বেশি পানের বরজে চুরির ঘটনা ঘটেছে। এর পাশাপাশি সাবারাং ইউনিয়নে ৩০ থেকে ৩৫টি এবং বাহারছড়া ইউনিয়নে ৪০টির মতো পান চুরির ঘটনা ঘটেছে বলে ইউনিয়ন দুটির চেয়ারম্যানরা জানান।
এলাকার কয়েকজন পানচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় প্রতি রাতেই চোরেরা কোনো না কোনো পান বরজে হানা দিচ্ছে। এবার পানের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চুরিও বেশি হচ্ছে। তাই বাধ্য হয়ে চাষিরা তাঁদের পান বরেজ পাহারা বসিয়েছেন। বর্তমানে হাটবাজারে প্রতি বিড়া ঝাল পান ২৫০ থেকে ৩৫০ টাকা ও মিষ্টি পান ১২০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু গত বছর এ সময়ে প্রতি বিড়া ঝাল পানের দাম ৮০-১২০ টাকা ও মিষ্টি পানের দাম ছিল ৪০-৬০ টাকা।
টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম বলেন, বিভিন্ন গ্রাম থেকে চাষিরা পান চুরির অভিযোগ নিয়ে আসছেন। পানের উচ্চমূল্যের কারণেই চুরির ঘটনা ঘটছে।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, কয়েক বছর পর পানের দাম এবার বেড়েছে। এ সময় চাষিরা খুশি থাকার কথা থাকলেও তাঁরা এখন চোর–আতঙ্কে রাত যাপন করছেন।