চুরি ঠেকাতে মোটরসাইকেল থানায় জমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরে মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে নীলফামারী থানায় নিজের মোটরযানটি জমা দিতে এসেছিলেন শতাধিক মোটরসাইকেলের মালিক। রাত সাড়ে আটটার দিকে থানা ক্যাম্পাসে মোটরসাইকেল রেখে মালিকেরা অবস্থান নেন। এ সময় পুলিশ প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন অবস্থানকারীরা। তাঁদের অভিযোগ, শহরে দিন দিন মোটরসাইকেল চুরির ঘটনা বাড়ছে। পুলিশ চুরি ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। জেলা দোকানমালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, গত ছয় মাসে নীলফামারী শহরে ১০-১৫টি মোটরসাইকেল চুরি হয়েছে। কিন্তু পুলিশ একটিরও সন্ধান বের করতে পারেনি। তিনি আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা শ খানেক লোক আমাদের মোটরসাইকেলটি থানায় জমা দিতে গিয়েছিলাম। পরে নিরাপত্তার ব্যাপারে পুলিশ আশ্বস্ত করলে আমরা চলে আসি।’ নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ বলেন, ‘অন্য যেকোনো এলাকার তুলনায় নীলফামারী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। দু-একটি চুরির ঘটনা ঘটেছে। চুরি ঠেকাতে আমরা প্রাণপণ চেষ্টা করছি, এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’