চুরি-ডাকাতি মামলার আসামির বাড়ি ভাঙচুর
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেউলিয়া গ্রামের বিক্ষুব্ধ জনগণ চুরি-ডাকাতির একাধিক মামলার আসামি আনারুল ইসলামের পরিবারের চারটি ঘর ভেঙে দিয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেউলিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে আনারুল ইসলাম (৩০) চুরি ও ডাকাতির ছয়টি মামলার আসামি। তাঁর বাড়িতে প্রতি রাতে ১৫-২০ জন অপরিচিত লোক আসা-যাওয়া করত। গত এক মাসে এলাকায় চুরি, মোটরসাইকেল ছিনতাই, ডাকাতি এবং সাম্প্রতিক দুটি খুনের ঘটনা তাঁর মাধ্যমে ঘটেছে বলে এলাকাবাসী সন্দেহ করে। ঈদের দিন দুপুরে আনারুল ও তাঁর সঙ্গী একই গ্রামের রায়হান আলী নিজ গ্রামের খায়রুলের বাড়ির একটি শিশু অপহরণ করতে গিয়ে জনতার ধাওয়া খান। এ সময় আনারুল পালিয়ে যান। কিন্তু রায়হান জনতার হাতে ধরা পড়ে বর্তমানে জেলহাজতে আছেন।
দেউলিয়া গ্রামের ব্যবসায়ী রুবেল জানান, ঈদের দিন থেকে আনারুল ও তাঁর বাড়ির লোকজন ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। গতকাল এলাকার দেউলিয়া, কাপাশটিকরি, কানাই পুকুর, প্রতাপপাড়া, হরিপুর ও হিন্দা গ্রামের দেড় শতাধিক মানুষ তাঁদের বাড়িঘর ভেঙে দিয়েছে।
স্থানীয় বড়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার হোসেন বলেন, এলাকার লোকজন ধৈর্য হারিয়ে ফেলে তাঁদের বাড়িঘর ভেঙে দিয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আনোয়ার বলেন, ‘জনগণ খেপলে কী আর করার আছে। তারা এলাকার অপরাধী চক্রের সঙ্গে জড়িত। আমরা আনারুল ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।