চুরি-দুর্নীতি না করলে তত্ত্বাবধায়ক এলেও জেলে যেতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, চুরি, দুর্নীতি না করলে তত্ত্বাবধায়ক সরকার এলেও জেলে যেতে হবে না।গতকাল শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগের দিন গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক কইরেন না। তত্ত্বাবধায়ক সরকার এলে আপনাকেও জেলে যেতে হবে, আমাকেও জেলে যেতে হবে।’এর জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে আনলে এবং সত্যিকারার্থে চুরি, দুর্নীতি না করলে এ ধরনের কিছু হবে না।’ফখরুল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিপক্ষে শেখ হাসিনা যেসব যুক্তি দিচ্ছেন, তা অমূলক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন। সংসদে অশালীন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সংসদ নেতা যদি অশালীন ভাষায় কথা বলেন, সংসদে অশালীন বক্তব্য তো হবেই। আমাদের সংসদ নেতা যেসব কথা বলেন, কোনো সংসদ নেতাকে এভাবে কথা বলতে শুনিনি। এটা আমাদের জন্য লজ্জার।’বিএনপির নেতা ইলিয়াস আলীর মতো গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমকেও গুম করা হয়েছে কি না তা জানতে চেয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, জাহাঙ্গীর আলম নির্বাচনে অংশ নেওয়ায় ছাত্রলীগ, যুবলীগ ও গোয়েন্দা সংস্থার লোকজন তাঁকে তুলে নিয়ে যায় গণভবনে। এখন তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। জাহাঙ্গীর কোথায়, তা তিনি সরকারের কাছে জানতে চান।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে বিরোধী দলকে নির্মূল করতে কথায় কথায় গুলি, মিথ্যা মামলা দেওয়া হয় না।বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ।