নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নিজ বাড়িতে খ্রিষ্টান দম্পতিকে মারধর করে সংজ্ঞাহীন অবস্থায় স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা চুরির রহস্যের জট গত সাত দিনেও খোলেনি। এটি চুরি, নাকি অন্য কিছু এ বিষয়ে গতকাল বুধবার পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আহত গ্যাব্রিয়েল কস্তা মোটামুটি সুস্থ আছেন। তবে তাঁর স্ত্রী বীণা পিরিছের বুকের ডান পাশের একটি হাড় ভেঙে গেছে। এ ছাড়া তিনি বাঁ চোখে ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তাঁদের মেয়ে নীলা কস্তা গতকাল প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
মায়ের বরাত দিয়ে নীলা কস্তা আরও বলেন, ২৭ জানুয়ারি মধ্যরাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকেই প্রথমে তাঁর মা ও বাবাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এর একপর্যায়ে দুজনেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে তাঁদের বনপাড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৪০ ঘণ্টা পর তাঁদের সংজ্ঞা ফেরে। কিন্তু পরের ঘটনা বাবা-মা স্মরণ করতে পারছেন না। মামলার তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার এসআই দয়াল কুমার ব্যানার্জি বলেন, ঘটনাটা চুরি, নাকি অন্য কিছু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।