চুরি বন্ধের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা শহরে চুরি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনের সড়কে নেত্রকোনার সচেতন নাগরিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে।
বক্তারা বলেন, পুলিশ প্রশাসনের নীরবতা সুযোগ নিয়ে সম্প্রতি শহরের বাসাবাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন, মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে। কয়েক মাস আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আশরাফ আলী খান খসরুর বাসা থেকে নগদ টাকা, সোনার জিনিসপত্রসহ তাঁর নিবন্ধনকৃত পিস্তল ও শটগানের গুলি চুরি হয়। পুলিশ এখনো তা উদ্ধার করতে পারেনি। চোরের উপদ্রব দ্রুত বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে জানানো হয়। একই সঙ্গে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রাতে পাহারার ব্যবস্থা করতে পৌর মেয়রের কাছে দাবি জানানো হয়।
প্রথম আলো বন্ধুসভা জেলা কমিটির উপদেষ্টা সাইফুল্লাহ এমরানের পরিচালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, সুজনের জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, লোকগবেষক সঞ্জয় সরকার, মদনপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহ আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি এম মুখলেছুর রহমান খান, জেলার সংবাদপত্র পরিবেশক নাজমুশ শাহদাৎ নাজু, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা এনামুল হক, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি দেবশঙ্কর রায় প্রমুখ।