চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের তৎপরতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহর থেকে গত এক বছরে ৩১৫টি মোটরসাইকেল চুরি হয়েছে। এসব মোটরসাইকেল উদ্ধারে পুলিশের কোনো তৎপরতা নেই। এমনকি চুরির মামলা নিতেও পুলিশ অনীহা দেখাচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চাপে কিছু অভিযোগ নেওয়া হলেও সেগুলো লিপিবদ্ধ হচ্ছে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে।

অভিযোগ আছে, পুলিশের ছত্রচ্ছায়ায় একটি সংঘবদ্ধ চক্র একের পর এক চুরির ঘটনা ঘটাচ্ছে। এ কারণে মোটরসাইকেলের মালিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে ৩১৫টি মোটরসাইকেল চুরির বিপরীতে সদর থানায় মামলা হয়েছে মাত্র তিনটি এবং জিডি হয়েছে অন্তত ৫০টি। পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, ২০১২ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এক বছরে গাইবান্ধা শহর থেকেই ৩১৫টি মোটরসাইকেল চুরি যায়। এই হিসাবে প্রতি মাসে গড়ে ২৬টি ও প্রতিদিন প্রায় একটি মোটরসাইকেল চুরি হয়। অথচ ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত এক বছরে চুরি যায় প্রায় ১৩০টি মোটরসাইকেল। পাশের রংপুর ও বগুড়া জেলায় মোটরসাইকেল চুরির পরিমাণ অনেক কম বলে থানা-পুলিশ সূত্রে জানা গেছে।

গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের ঠিকাদার শরিফুজ্জামান বলেন, ‘আমার বাসা থেকে গত ২০ জুলাই একটি হিরো হোন্ডা চুরি যায়। আমি থানায় মামলা করতে গেলে পুলিশ আমাকে জিডি করতে বলে। তাই জিডি করিনি।’ শহরের সুখনগর এলাকার ব্যাংক কর্মকর্তা শাহাব উদ্দিন বলেন, ‘গত ১৮ জুলাই আমার মোটরসাইকেলটি চুরি হয়। জিডি করার পরও পুলিশ ঘটনাস্থলে আসেনি। শহরে পুলিশি টহল-ব্যবস্থা থাকার পরও কীভাবে মোটরসাইকেল চুরি হয়, তা আমার বোধগম্য হচ্ছে না।’ গত ১৯ মে চুরি গেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক আমজাদুল হকের মোটরসাইকেল। তিনি বলেন, ‘আমার ভাড়া বাড়ি থেকে মোটরসাইকেল চুরি গেলে রিপন, সাগর, শান্ত, সুজন ও রফিকুল নামের গাইবান্ধার কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করি। কিন্তু গত দুই মাসে মোটরসাইকেল উদ্ধার তো দূরের কথা, কেউ গ্রেপ্তার পর্যন্ত হয়নি। সদর থানাকে অনুরোধ করেও কাউকে গ্রেপ্তার করাতে পারিনি।’

গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান জানান, তিনি সরকারি কোয়ার্টারে থাকেন। কোয়ার্টার থেকেও মোটরসাইকেল চুরি যায়। তিনি অভিযোগ করেন, সদর থানায় জিডি করে পুলিশকে সন্দেহভাজনের নাম বললেও পুলিশ সহায়তা বা মোটরসাইকেল উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি।

পুলিশের ছত্রচ্ছায়ায় চুরির অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, যেসব মোটরসাইকেল চুরি যাচ্ছে, তার অধিকাংশই নতুন ও নিবন্ধনহীন। মালিক শনাক্ত করা সম্ভব না হওয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার সম্ভব হচ্ছে না। লোকবলসংকটের কারণে শহরের সব এলাকায় টহল দেওয়া সম্ভব হচ্ছে না।

গাইবান্ধার পুলিশ সুপার সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি সদ্য যোগ দিয়েছি। বিষয়টি খতিয়ে দেখব। মোটরসাইকেল চুরিরোধে শহরে পুলিশি টহল-ব্যবস্থা জোরদার করা হবে।’