চুরি যাওয়া শিশুটি দুদিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া শিশুটিকে দুদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
শাহবাগ থানার পুলিশ জানায়, শিশুটির মা নাসিমা বেগম গত বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই শাহ আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) থেকে ফুটেজ সংগ্রহ করে শিশুচোর নারীকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে সাড়ে তিন মাসের শিশু খাদিজা আক্তারকে এক নারী কৌশলে চুরি করে পালিয়ে যান।
চুরি হওয়া শিশু খাদিজার বাবা বাহাদুর ঢালি মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে আড়াই মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। বাহাদুর ঢালির তত্ত্বাবধানের জন্য তাঁর স্ত্রী নাসিমা বেগম তাঁদের দুই শিশুকন্যা স্বর্ণা আক্তার (১০) ও খাদিজাকে নিয়ে হাসপাতালে থাকেন। গতকালও হাসপাতালে খাদিজার জন্য আহাজারি করছিলেন নাসিমা বেগম। তিনি তাঁর শিশুসন্তানকে উদ্ধারের জন্য সবার কাছে আকুতি জানান।