চুরি যাওয়া ২০০ ভরি স্বর্ণালংকার উদ্ধার
রাজধানীর মিরপুরে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে সোনার দোকান থেকে গত শনিবার রাতে চুরি যাওয়া প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মার্কেটের পাঁচজন নিরাপত্তা-কর্মীকে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করা হয়েছে।দেওয়ান জুয়েলার্সের মালিক তাজুল ইসলাম দেওয়ান ৭৮২ ভরি সোনা চুরির অভিযোগে এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে রোববার রাতে শাহ আলী থানায় মামলা দায়ের করেছেন।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, চুরির মামলায় ওই মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি নিরাপত্তা কোম্পানির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে।ওসি জানান, গতকাল সকালে চুরি যাওয়া ২০০ ভরি অলংকার উদ্ধার করেছে যাত্রাবাড়ী পুলিশ। তিনি জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে হেঁটে যাচ্ছিল এক যুবক। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে ব্যাগ তল্লাশি করতে চাইলে ওই যুবক ব্যাগ ফেলে দৌড় দেয়। ওই যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। স্বর্ণালংকারগুলোর মধ্যে দেওয়ান জুয়েলার্সের ট্যাগ দেখে বিষয়টি শাহ আলী থানাকে জানানো হয়।এদিকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মার্কেটের ব্যাবসায়ীরা দুর্বৃত্তদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য পুলিশকে ২৮ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এতে কাজ না হলে তারা আন্দোলনের হুমকি দিয়েছে।