চুরি করে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে রাজশাহী নগরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নগরের মডেল থানার কাছে পাঁচ দিনের মাথায় সোমবার রাতে একই রকম চুরি হয়েছে। জানুয়ারি থেকে এ নিয়ে ৩৮টি বাড়িতে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। মহানগর পুলিশ গতকাল মঙ্গলবার জরুরি বৈঠক করেছে।সোমবার রাতে নগরের বেলদারপাড়া সুলতানাবাদ এলাকার শিক্ষক জিতেন্দ্রনাথ সরকারের বাসায় চুরির পর আগুন লাগিয়ে দেওয়া হয়। তাঁর স্ত্রী সাধনা সরকার বলেন, ঘটনার আগের দিন তাঁরা বাঘায় তাঁদের গ্রামের বাড়িতে যান। বাসার মালিকের ছেলে সৈকত বলেন, রাত পৌনে ১২টার দিকে তিনি ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আসেন। তিনি বলেন, দ্রুত চাবি নিয়ে এসে তালা খুললেও দরজা খুলতে পারেননি। ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া রয়েছে। পরে দেখা যায়, ভেন্টিলেটর। অবশেষে তাঁরা ছিটকিনি ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সহায়তা করেন।ওই বাসায় গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, একটি কক্ষের প্রায় সব জিনিস পুড়ে গেছে। জিতেন্দ্রনাথ সরকার বলেন, তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকার খোঁজ পাচ্ছেন না। তাঁর শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, জমির দলিল ও ব্যাংকের চেক পুড়ে গেছে। আর অন্য জিনিসের হিসাব না করে বলতে পারবেন না। মডেল থানার পরিদর্শক (তদন্ত) খান মো. শাহরিয়ার চুরির ঘটনা পরিদর্শনে যান। তিনিও বলেন, তাঁরা এই ধরনের চুরির কোনো রহস্য খুঁজে পাচ্ছেন না। এ ঘটনায় জিতেন্দ্রনাথ বাদী হয়ে অভিযোগ করেছেন। ২২ ডিসেম্বর রাতে একইভাবে মডেল থানার মাত্র ২০০ গজ দূরে সাগরপাড়া এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক রঞ্জিত কুমার বিশ্বাসের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনতলাবিশিষ্ট বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটে পলি ঘোষ সেই রাতে বাসায় ছিলেন না। রাত সাড়ে আটটার দিকে দোতলার ওই ফ্ল্যাট থেকে ধোঁয়ার গন্ধ বের হতে থাকে। বাড়ির লোকজন দমকল বাহিনীকে সংবাদ দিলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দোতলার ঘরগুলোতে ঢুকে দেখা যায় ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে চোর ঘরের জিনিসপত্র নিয়ে যায়। পুলিশের বিশেষ শাখার সূত্রে জানা যায়, জানুয়ারি থেকে এ পর্যন্ত নগরের চারটি থানায় ৩৮টি এ ধরনের ঘটনা ঘটল। প্রথমদিকে পুলিশ ধারণা করে যে শর্টসার্কিট থেকে আগুন লাগছে। পরে দেখা যাচ্ছে, বাড়ির ভেন্টিলেটর ভাঙা এবং মূল্যবান জিনিস খোয়া গেছে। মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ বলেন, এ নিয়ে তাঁরা উদ্বেগে রয়েছেন। পুলিশ কর্মকর্তাদের নিয়ে (গতকাল মঙ্গলবার) জরুরি বৈঠক করেছেন। তাঁরা হয়তো অচিরেই কিনারা পেয়ে যাবেন। চুরির পর কেন তারা আগুন দিচ্ছে, এ ব্যাপারে পুলিশ কী মনে করছে, জানতে চাইলে তিনি বলেন, একেকটা অপরাধের ধরন একেক রকম। এটা হয়তো তাদের এক ধরনের পদ্ধতি।