চুরি হওয়া গরু টাকা দিলে ফেরত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে গরু চুরি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এক মাসে এখানে ৩২টি গরু চুরি হয়েছে। মালিকেরা দালালদের মাধ্যমে টাকা দিয়ে গরু ফেরত পাচ্ছেন। গরু চুরি বন্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, এক মাসে দামগাড়া গ্রামের মানিক মিয়ার একটি, তাঁর চাচাতো ভাইয়ের একটি, মাঝিহট্ট গ্রামের মোজাম উদ্দিনের ছয়টি, একই গ্রামের জাহিদুল ইসলামের চারটি, জনৈক ব্যক্তির দুটি, মুরইল গ্রামের শরিফুল ইসলামের একটি, চালুঞ্জা গ্রামের ছামসুল ইসলামের একটি, একই গ্রামের আজিজার রহমানের তিনটি, ছাতুয়া গ্রামের লাল্টু মিয়ার একটিসহ এক মাসে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৩২টি গরু চুরি হয়।কৃষকেরা জানান, এক মাসে ৩২টি গরু চুরি যাওয়ায় তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। গরু চুরি হলে থানায় মামলা করেন না কেন জানতে চাইলে তাঁরা বলেন, থানায় মামলা হলে বা সালিসের ব্যবস্থা করলে গরু পাওয়া যায় না। এ কারণে তাঁরা দালালদের মাধ্যমে টাকা দিয়ে চোরদের কাছ থেকে গরু নিয়ে আসেন।খোঁজ নিয়ে জানা গেছে, গর চুরি যাওয়ার পর গরুর মালিকেরা বিভিন্নভাবে চোরদের দালালের সঙ্গে যোগাযোগ করেন। পরে টাকা বুঝে নিয়ে গরু ফেরত দেওয়া হয়। তাই কৃষকেরা থানায় মামলা করতে চান না। আর টাকার সমঝোতা হয় গরুর আনুমানিক বাজারমূল্যের ওপর। বাজারমূল্যের অর্ধেক টাকা এ ক্ষেত্রে চোরদের পণ হিসেবে দিতে হয়। দালাল টাকা নিয়ে যাওয়ার পর রাতে নির্দিষ্ট একটি মাঠে চোরেরা গরু রেখে যায়।এলাকাবাসী জানান, বুড়িগঞ্জ ইউনিয়নের বেলভূজা, কামতারা ও পঞ্চদাস গ্রামের একটি চক্র গরু চুরির সঙ্গে জড়িত। ওই চক্রের সদস্যদের ভয়ে কৃষকেরা তটস্থ থাকেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘থানা-পুলিশ কর্যা কুনো লাব নাই। গরু তো ফিরা পাওয়া যাবিই ন্যা, উল্টা আবার ক্ষতি হবি। তাই হামি ১২ হাজার ট্যাকা দালালোক দিয়া দুডা গরু ফির্যা আনিচি।’এ ব্যাপারে মাঝিহট্ট ইউপির চেয়ারম্যান আকবর হোসেন জানান, গরু চুরির বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ মামলা করেনি। তিনি অচিরেই ওই এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করবেন।