চুরি হওয়া নবজাতক উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া নবজাতককে ২৩ ঘণ্টা পর গতকাল বুধবার দুপুরে উদ্ধার করা হয়েছে। সরিষাবাড়ী পৌরসভার আলহাজ পাটকল কলোনির একটি ঘর থেকে নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা একটায় পৌরসভার আলহাজ পাটকলের নিরাপত্তাপ্রহরী মানিক মিয়ার স্ত্রী লাকি বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলেশিশুর জন্ম দেন। জন্মের পর নার্সরা লাকিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা নবজাতককে চুরি করে নিয়ে যায়। পরে ঘটনাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা জানতে পারেন।
দুপুর ১২টায় পরিবারের সদস্যদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল বাশার মো. আসাদুজ্জামান আলহাজ পাটকল কলোনির একটি পরিত্যক্ত ঘর থেকে নবজাতককে উদ্ধার করেন। বাবা মানিক মিয়া বলেন, ‘সবার সহযোগিতায় চুরি হওয়া ছেলেকে ফিরে পেয়ে আমি আকাশের চাঁদ ফিরে পেয়েছি।’