চুরি হওয়া নবজাতকের হদিস পায়নি পুলিশ
রাজশাহী নগরের এক মাতৃসদন হাসপাতাল থেকে চুরির দুই দিন পরও নবজাতকটির কোনো খোঁজ পায়নি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার মাঠকর্মীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নগরের নওদাপাড়া নগর মাতৃসদন হাসপাতাল থেকে প্রসবের ছয় ঘণ্টা পর শিশুটি চুরি হয়ে যায়। নবজাতকের মায়ের নাম মুক্তি খাতুন (১৮)। বাবা নাসির উদ্দিন। তাঁদের বাড়ি রাজশাহী নগরের চরশ্যামপুর এলাকায়। মুক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে তাঁর মা রোজিনা বেগম ঘটনার রাতেই শাহমখদুম থানায় মামলা করেন। পরে পুলিশ হাসপাতালের মাঠকর্মী তহুরা বেগমকে (৪৫) গ্রেপ্তার করে।
এ নিয়ে প্রথম আলোয় গত শনিবার ‘হাসপাতাল থেকে নবজাতক চুরি’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
মুক্তি বলেন, তহুরা ডাঁশমারী স্বাস্থ্যকেন্দ্রের একজন মাঠকর্মী। তিনি দুবার তাঁর বাসায় গেছেন। একবার ৩০-৩৫ বছর বয়সী একজন অচেনা নারীকে সঙ্গে নিয়ে যান। তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তহুরা বলেছিলেন, এই নারী বিদেশি একটি প্রকল্পে কাজ করেন। এভাবে তাঁদের পরিচয় হয়। গত বৃহস্পতিবার সন্তান প্রসবের জন্য সকাল ১০টার দিকে তিনি মাতৃসদন কেন্দ্রে ভর্তি হন। এরপর থেকেতহুরা তাঁর সঙ্গে ছিলেন। অচেনা নারী তাঁর চিকিৎসা খরচ বাবদ তহুরার হাতে তিন হাজার টাকা তুলে দেন। বেলা সাড়ে তিনটায় তাঁর ছেলেসন্তান হয়। রাত সাড়ে নয়টার দিকে ওই নারী তাঁর মা ও শাশুড়ির কাছ থেকে কৌশলে শিশুটি নিয়ে পালিয়ে যান।
শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, নবজাতকটি চুরি করে নিয়ে যাওয়া মেয়েটি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক হিসেবে পরিচয় দিয়ে অন্তঃসত্ত্বাদের কাছে গিয়েছেন। নগর স্বাস্থ্যকেন্দ্রের একজন কর্মচারী তাঁর চেহারার বর্ণনা দিয়েছেন। এটি নিয়ে পুলিশ এখন তদন্ত করছে।
পুলিশ আরও জানায়, তহুরা বেগমকে গতকাল আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ রোববার আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।