চুরি হচ্ছে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মূল্যবান গাছ
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশ থেকে বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ চুরি হচ্ছে দেদার। গত তিন থেকে চার বছরে সহস্রাধিক গাছ চুরি হয়েছে সড়ক থেকে।সওজ বিভাগ জানায়, ১৯৬৫ সালে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক নির্মাণের পর ৩৪ কিলোমিটার অংশে রেইনট্রি, সোনালু, আম, জাম, কাঁঠাল, মেহগনি, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যা এখন মূল্যবান বৃক্ষে পরিণত হয়েছে। রাতের আঁধারে সংঘবদ্ধ চোরেরা এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে। সওজ বিভাগের রাঙ্গুনিয়া কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান জানান, ২০১২ সালের ২ ডিসেম্বর রাঙ্গুনিয়া কলেজ ফটক এলাকা থেকে গাছ কাটার সময় আকাশমণি, আম, জাম, রেইনট্রিসহ নয়টি গাছ জব্দ করা হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চন্দ্রঘোনা কাটাখালী এলাকা থেকে গাছ কাটার সময় চারচোরকে আটক করলেও পুলিশ ছেড়ে দেয়।তিনি বলেন, সড়ক থেকে ২০০৯ সালে ১৬০টি, ২০১০ সালে ৩১০টি, ২০১১ সালে ৩৭০টি, ২০১২ সালে ৪১৫টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসব গাছের বাজারমূল্য দুই কোটি টাকার বেশি। এ ব্যাপারে থানায় ডায়েরি করা হয়েছে। অথচ চোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক সওজ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ক্ষমতাসীন দলের পরিচয়ে সংঘবদ্ধ দুর্বৃত্তরা সড়কের গাছ কেটে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেলে পুলিশের হাতে উল্টো নাজেহাল হতে হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর মোর্শেদ বলেন, ‘সড়কের দুই পাশ থেকে গাছ চুরির খবর শুনি। কিন্তু এ নিয়ে দায়ের করা ডায়েরিতে চোরদের নাম নেই। ফলে পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না।’সওজ বিভাগের চট্টগ্রাম জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, সড়কের গাছ চুরি নিয়ে রাঙ্গুনিয়া কার্যালয়ের একাধিক প্রতিবেদন রয়েছে। পুলিশ সহায়তা না করায় গাছ চুরি রোধ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি জেলা সমন্বয় সভায় তোলা হবে বলে জানান তিনি।