চুরি হয়ে যাচ্ছে রেলের শতবর্ষী গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের শতবর্ষী গাছগুলো চুরি হয়ে যাচ্ছে। সম্প্রতি ১০ থেকে ১২টি বিশাল গাছ চুরির আলামত পাওয়া গেছে। এগুলোর মূল্য প্রায় ১০ লাখ টাকা। তবে পাকশীতে রেলওয়ের মোট কয়টি গাছ আছে এবং কতগুলো চুরি হয়েছে, তার কোনো হিসাব রেল কর্তৃপক্ষের কাছে নেই।
রেল কর্তৃপক্ষ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিশ শতকের প্রথম দিকে ব্রিটিশ সরকার কলকাতার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের জন্য পাকশীতে পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ ব্রিজ ও নদীর পাড় ঘেঁষে রেলওয়ের প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। এ সময় এলাকাটিতে ছায়া-সুনিবিড় পরিবেশ তৈরি করতে মেহগনি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছের চারা রোপণ করা হয়। দিনে দিনে সেগুলো বিশাল আকৃতি ধারণ করে। দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল গাছগুলো চুরি করছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী কার্যালয়ের মুখ্য নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, খুব বেশি গাছ চুরি হয়নি। রাতের আঁধারে কয়েকটি গাছ চুরির ঘটনা ঘটেছে। লোকবলসংকটের কারণে আমরা এত নজর রাখতে পারছি না। তবে চুরির সময় দুটি গাছ উদ্ধার করা হয়েছে। ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলাও করা হয়েছে।’
পাকশীতে রেলওয়ের কতগুলো গাছ আছে জানতে চাইলে প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ‘মোট বৃক্ষের হিসাব আমাদের কাছে নেই। এখনো এই হিসাব তৈরি করা হয়নি।’
এ প্রসঙ্গে পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মানিকুজ্জামান বলেন, ‘রেলওয়ের বিশাল এলাকা। আমরা পুরোটা নজর রাখতে পারি না। সম্প্রতি চুরির সময় ধাওয়া করে আমরা দুটি গাছ উদ্ধার করেছি।’
গত বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, পদ্মা নদীর পাড় ঘেঁষেই পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী প্রধান কার্যালয়। চারপাশে রয়েছে রেলওয়ের বিশ্রামাগার, কর্মকর্তা-কর্মচারী আবাসিক ভবন, প্রশিক্ষণকেন্দ্র, মসজিদ, পাঠাগার, মিলনায়তন, বিদ্যালয় ও বাজারসহ বিভিন্ন স্থাপনা। স্থাপনাগুলো রোদের তাপ থেকে রক্ষা করছে বিশাল আকৃতির কয়েক শ শতবর্ষী বৃক্ষ। ফলে পুরো এলাকায় বিরাজ করছে ছায়াময় পরিবেশ। কিন্তু মেরিনপাড়া ভাগার, গাইড ব্যাংক ও বাবুপাড়া এলাকা থেকে ১০ থেকে ১২টি মূল্যবান মেহগনি ও কড়ইগাছ কেটে নেওয়া হয়েছে। পড়ে রয়েছে গাছগুলোর গোড়ার অংশ। তবে আলামত নষ্ট করতে মেরিনপাড়া ভাগার থেকে গোড়াগুলোও তুলে নেওয়া হয়েছে।
স্থানীয় ১৪-১৫ জন বাসিন্দা জানান, ১০ থেকে ১৫ বছর আগেও হার্ডিঞ্জ ব্রিজ থেকে রেলওয়ের পাকশী কার্যালয় পর্যন্ত কয়েকটি সড়কে প্রচুর গাছ ছিল। কিন্তু গাছ কমতে কমতে এলাকাটি ফাঁকা হয়ে গেছে। দিনে দিনে এই চুরির মাত্রা বাড়ছে। সরকারি দলের কিছু নেতা-কর্মীর ছত্রচ্ছায়ায় এই চুরির ঘটনা ঘটছে। চোর চক্র প্রথমে গাছের ডালপালা কেটে ফেলে। পরে সুযোগ বুঝে পুরো গাছটিই কেটে নিয়ে যাচ্ছে। গত ১৫-২০ দিনে ১০ থেকে ১২টি গাছ চুরি হয়েছে। এগুলোর মূল্য প্রায় ১০ লাখ টাকা। তবে রেল কর্তৃপক্ষ ঝামেলা এড়ানোর জন্য এগুলো দেখেও দেখছে না।
জানতে চাইলে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম বলেন, ‘সরাসরি সরকারি দলের নেতা-কর্মীদের ছত্রচ্ছায়া বললে ভুল হবে। যারা বৃক্ষ চুরির সঙ্গে জড়িত, তারা চিহ্নিত সুবিধাবাদী শ্রেণির লোক। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন সে দলের পক্ষ নেয়। রেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন শক্ত অবস্থান নিলেই চুরি রোধ করে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব।’