চুরি হয়ে যাচ্ছে সড়কের গাছ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সড়ক থেকে বন বিভাগের রোপণ করা গাছ চুরি হয়ে যাচ্ছে।উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০১-২ ও ২০০২-৩ অর্থবছরে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাঁচুরিয়া থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেললাইনের পাশে, গোয়ালন্দ বাজার মাল্লাপট্টি থেকে উজানচর নতুন ইউনিয়ন পরিষদ পর্যন্ত, মাল্লাপট্টি সেতু থেকে উজানচর হাবিল মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এবং পৌরসভার জামতলা থেকে ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী স্লুইসগেট পর্যন্ত সড়কে এসব গাছ রয়েছে। স্থানীয় উপকারভোগী সমিতির মাধ্যমে শিশু, রেইনট্রি, ইপিলইপিল, মেহগনি, আকাশমনি, তুন (পুঁই), কাঁঠাল, জাম, বাবলাসহ প্রভৃতি গাছের চারা রোপণ করা হয়। এসব গাছের ৬০ শতাংশই শিশু। এসব সড়কের ৮০ শতাংশ (প্রায় আট হাজার) শিশুগাছ মরে গেছে। এসব গাছের মধ্যে মাল্লাপট্টি সেতু থেকে উজানচর ইউনিয়নের বাহাদুরপুর পর্যন্ত প্রায় দেড় হাজার ৫০০ গাছ কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় অনেকে এগুলো কেটে নিয়ে যাচ্ছে। আবার অনেক সময় রাতের আঁধারেও অনেক গাছ চুরি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, পৌরসভার জামতলা-ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী স্লুইসগেট সড়কের অম্বলপুর এলাকা থেকে একদল যুবক বড় আকারের মরা দুটি শিশুগাছ কেটে নিয়েছে। এদের একজন বলে, ‘গাছ মরে গেছে, তাই কেটে ফেলছি।’ এ সময় তাদের পরিচয় জানতে চাইলে এবং ছবি তুলতে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় আলাউদ্দিন মিয়া বলেন, ‘এভাবে দিনের বেলায় অনেকেই মরা গাছ কেটে নিয়ে যায়, কিন্তু কেউ কিছু বলে না।’ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর-কাটাখালী ম্লুইসগেট বনায়ন সমিতির সভাপতি আবদুল আহাদ মৃধা বলেন, ‘শুধু এই সড়কই নয়, যেসব সড়কে সামাজিক বনায়নের গাছ মরে গেছে, তার অধিকাংশ চুরি হয়ে যাচ্ছে। অথচ কর্তৃপক্ষ দরপত্র আহ্বানের মাধ্যমে এসব গাছ বিক্রি করলে এবং ওই টাকা উপকারভোগীরা পেলে ভালো হতো।’উপজেলা বন কর্মকর্তা আবুবক্কর ছিদ্দিক বলেন, ‘বিভিন্ন সড়কের বেশির ভাগ শিশুগাছ মরে গেছে। এর প্রায় ২০ শতাংশ গাছ ইতিমধ্যে চুরি হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় কোনো গাছ কাটতে পারি না। তবে অনেক সময় স্থানীয়দের মাধ্যমে গাছ কেটে নেওয়ার সংবাদ পেলে সেগুলো জব্দ করা হয়। গাছ চুরির ব্যাপারে ইতিমধ্যে থানায় চার-পাঁচটি মামলা করা হয়েছে।’ উপজেলা সামাজিক বনায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী সামিয়া ইয়াসমী বলেন, ‘এ ধরনের গাছ কেটে নেওয়া বা চুরির ঘটনা আমার জানা নাই। তবে বন বিভাগের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’