চুরিতে বাধা পেয়ে কলেজশিক্ষকের স্ত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে এক কলেজশিক্ষকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়িতে ঢুকে মালামাল নেওয়ার সময় বাধা দিলে এক চোর তাঁকে কুপিয়ে হত্যা করে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের কাউনিয়া এলাকার জানকিসিংহ সড়কে এ ঘটনা ঘটে। চোরের হামলায় ওই শিক্ষকের বড় মেয়ে আহত হয়েছেন।নিহত নারীর নাম দিল আফরোজ (৩৬)। তিনি অমৃত লাল দে কলেজের শিক্ষক মাহমুদ আল জালালের স্ত্রী। রুকাইয়া বিনতে মাহমুদ (১৫) বলে, ‘বৃহস্পতিবার রাত তিনটার দিকে দোতলার উত্তর দিকের গ্রিল কেটে আমাদের বাসায় এক লোক ঢোকে। আমি ও আমার ছোট বোন রেজওয়ানা বিনতে মাহমুদ যে কক্ষে থাকি, ওই লোক সে কক্ষে ঢুকে মুঠোফোনের সেট এবং টাকা নেওয়ার চেষ্টা করলে আমি টের পেয়ে চিৎকার দিই। এ সময় ওই লোক ছুরি দিয়ে আমাকে আঘাত করে। চিৎকার শুনে মা আমাদের রক্ষার জন্য এগিয়ে আসেন। একপর্যায়ে মা ওই চোরকে ধরে ফেলার চেষ্টা করেন। এ সময় ওই চোর ছুরি দিয়ে মায়ের হাত ও বুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে মা মেঝেতে লুটিয়ে পড়েন। বাবাকে ডাকতে গিয়ে দেখি তাঁর কক্ষের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেওয়ার পর বাবা কক্ষ থেকে বের হন। কিন্তু তিনি আমাদের কক্ষে আসার আগেই চোর মুঠোফোনের তিনটি সেট ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।’মাহমুদ আল জালাল জানান, রাত তিনটার দিকে মেয়েদের চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। তিন বাড়ির মধ্যে ধস্তাধস্তির শব্দ পান। এ সময় তিনি তাঁর কক্ষ থেকে বের হতে গিয়ে দেখেন বাইরে দিয়ে দরজা আটকানো। একপর্যায়ে তাঁর বড় মেয়ে দরজা খুলে দেয়। বের হয়ে তিনি তাঁর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর স্ত্রীকে মৃত ঘোষণা করেন।