চুরির অপবাদ, নির্যাতনের পর বেঁধে রাখা হলোগৃহবধূকে
কবিরাজের চালপড়া খাইয়ে চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূকে ঘরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে ওই গৃহবধূকে পুলিশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়াইর গ্রামের আবু হাওলাদারের বাড়িতে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সাগর হাওলাদার নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী শাহানা বেগম ও এক সন্তানকে নিয়ে ছয় মাস ধরে আবু হাওলাদারের বাড়িতে ভাড়া থাকছেন। গত বুধবার আবু হাওলাদারের ঘর থেকে ১০ হাজার টাকা খোয়া যায়। চোর ধরার জন্য স্থানীয় এক কবিরাজের কাছ থেকে চালপড়া এনে গত রোববার রাত নয়টার দিকে তা বাড়ির অন্যদের সঙ্গে শাহানাকেও খেতে দেওয়া হয়। শাহানা চাল মুখে দেওয়ার পর আর খেতে পারছিলেন না। এ কারণে তাঁকে চোর হিসেবে শনাক্ত করা হয়। পরে আবু হাওলাদারের স্ত্রী, ছেলে সোহাগ হাওলাদার, চাচাতো ভাই ফেরদৌস হাওলাদারসহ বাড়ির কয়েকজন শাহানাকে একটি ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালান।
গত সোমবার সকালে বাড়ির একটি গাছের সঙ্গে শিকল দিয়ে শাহানাকে বেঁধে রাখা হয়। তাঁরা ১০ হাজার টাকার জন্য শাহানার স্বামীকে চাপ প্রয়োগ করলে টাকা জোগাড়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
এই ঘটনা জানাজানি হলে সদর থানার পুলিশ সোমবার বিকেলে গিয়ে শাহানাকে উদ্ধার করে। শাহানা বলেন, ‘মিথ্যা অপবাদ দিয়ে আমার ওপর নির্যাতন করা হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’
আবু হাওলাদার দাবি করেন, শাহানাই ওই টাকা চুরি করেছেন। তাঁকে নির্যাতনের অভিযোগ ঠিক নয়। তিনি যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নির্যাতনের শিকার গৃহবধূ সোমবার রাতে আবু হাওলাদারের স্ত্রী, ছেলে, চাচাতো ভাইসহ অজ্ঞাতনামা আরও ১২ জনের নামে মামলা করেছেন। আবু হাওলাদারের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ঘটনার মূল হোতা ফেরদৌস হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।