চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামে রাজিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন করে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে এক শিশুর মা বাধা দিতে গেলে ইউপি সদস্য তাঁকে লাঞ্ছিত করেন।
ওই দুই শিশু হলো ছোট বাশাইল গ্রামের খোকন ব্যাপারীর ছেলে সাগর ব্যাপারী (১১) ও মোহাম্মদ আলী সিকদারের ছেলে তুষার সিকদার (১৩)। সাগর বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও তুষার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার শিশুদের পরিবার মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় লোকজন, শিশুর অভিভাবক ও পুলিশ জানায়, ওই দুই শিশুর বিরুদ্ধে কবুতর চুরির অভিযোগে রাজিহার ইউপির ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. বরকাতুল্লাহ (৩৫) গত শুক্রবার সন্ধ্যায় বাশাইল কালু শাহ মাজারের উত্তর পাশে সালিস বৈঠকের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন ইউপি সদস্যের সহযোগী মনীষ চৌকিদার (৩২) ও নাসির চৌকিদার (২৮)। বৈঠকে ইউপি সদস্য শিশু দুটিকে চোর সাব্যস্ত করে নিজেই মারধর ও লাঠিপেটা করে গাছের সঙ্গে বেঁধে রাখেন।
সাগরের মা রওশন আরা বলেন, ভাজনা গ্রামে ২৮ দিন আগে জনৈক ব্যক্তির কবুতর চুরি হয়। ওই ঘটনায় ইউপি সদস্য অন্যায়ভাবে সাক্ষ্য-প্রমাণে তাঁর ছেলেসহ দুটি শিশুকে নির্যাতন করেন এবং নারিকেলগাছের সঙ্গে বেঁধে রাখেন। তিনি ছেলেকে রক্ষায় এগিয়ে গেলে তাঁকেও লাঞ্ছিত করেন।
ইউপি সদস্য মো. বরকাতুল্লাহ বলেন, ‘আমি নির্যাতন করি নাই, এলাকার শিশুরাই তাদের মারধর করেছে।’